যৌনকর্মীকে মারধরের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় যৌনকর্মীর দায়ের করা মারধরের মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে যৌনপল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবদুল গফুর খান (৪০)। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নৈমদ্দিন খান পাড়ার বাসিন্দা। গতকাল সোমবার দুপুরে ওই ইউপি সদস্যকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই যৌনকর্মী প্রায় সাত বছর ধরে দৌলতদিয়া যৌনপল্লিতে আছেন। সদস্য গফুর খান প্রায় এক বছর আগে তাঁকে বিয়ে করেন। কিন্তু এরপর থেকে প্রায়ই তাঁকে নির্যাতন করতেন। একপর্যায়ে ওই তরুণী তাঁকে তালাক দেন। ১ আগস্ট রাতে গফুর মেয়েটির কাছে অর্ধ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে বেদম মারধর করা হয়। এরপর মেয়েটি ১২ আগস্ট গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।