যৌনপল্লি থেকে দুই তরুণী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গত শনিবার দৌলতদিয়া যৌনপল্লি থেকে পৃথক অভিযান চালিয়ে দুই তরুণীকে উদ্ধার করেছে। তাঁদের মধ্যে একজনের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এবং অপরজনের দিনাজপুর সদর উপজেলায়। গতকাল রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া এক তরুণী জানান, দুই বছর আগে তিনি ঢাকার মিরপুরে পোশাক কারখানায় কাজ করতেন। এক বছর আগে গোলাপ শাহ মাজারে বেড়াতে গেলে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) সঙ্গে পরিচয় হয়। দৈন্যের কথা শুনে ওই যুবক তাঁকে ভালো চাকরি দেওয়ার কথা বলে ওই দিন ফরিদপুরের রথখোলা যৌনপল্লির রেখা বাড়িওয়ালীর কাছে বিক্রি করেন। কিছুদিন পর তাঁকে দৌলতদিয়া হাসনা বাড়িওয়ালীর কাছে বিক্রি করা হয়। বিভিন্ন স্থানে খোঁজার পর তাঁর পরিবার গত শুক্রবার জানতে পারে, তাদের মেয়ে দৌলতদিয়া যৌনপল্লিতে আছেন। শনিবার সকালে গোয়ালন্দ ঘাট থানার পুলিশকে জানালে উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন বিকেলে তাঁকে উদ্ধার করেন।
আরেক তরুণী জানান, ছোটবেলায় বাবার মৃত্যুর পর ঢাকার মোহাম্মদপুর এলাকায় একমাত্র ফুফাতো ভাইয়ের কাছে তাঁকে নিয়ে তাঁর মা আশ্রয় নেন। সংসারে অভাব দেখে বড় হয়ে সাভারের রানা প্লাজায় চাকরি নেন। সেখানে শাকিলা নামের মধ্যবয়সী এক নারী তাঁর সঙ্গে কাজ করতেন। রানা প্লাজা ধসের ১০ থেকে ১২ দিন পর ওই নারী বোনের বাসায় বেড়ানোর কথা বলে তাঁকে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে আসেন। প্রায় ৭০ হাজার টাকায় বিক্রি করে দেন স্থানীয় ফারজানা বাড়িওয়ালীর কাছে। এর প্রায় এক মাস পর ফারজানা বাড়িওয়ালী তাঁকে ৭০ হাজার টাকায় বিক্রি করেন মণি নামের আরেক বাড়িওয়ালীর কাছে। শনিবার গোয়ালন্দ ঘাট থানার পুলিশকে জানান। এরপর থানার এসআই আবুল বাসার মণি বাড়িওয়ালীর বাড়ি থেকে তাঁকে উদ্ধার করেন।