যৌনপল্লি থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ গত শনিবার সন্ধ্যায় দৌলতদিয়া যৌনপল্লি থেকে সুমি আক্তার (২৮) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার নীমপাড়ায়।
স্থানীয় কয়েকজন ও থানা-পুলিশ জানায়, যৌনপল্লির সাথী বাড়িওয়ালীর ভাড়াটিয়া সুমি শনিবার সন্ধ্যা হয়ে এলেও ঘর খোলেননি। এতে সন্দেহ হলে টিনশেড ঘরের চালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, সুমির লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
খবর পেয়ে গতকাল রোববার দুপুরে সুমির লাশ নেওয়ার জন্য গোয়ালন্দ ঘাট থানায় ছুটে আসেন তাঁর গ্রামেরই ইউপি সদস্য আকবর আলী। তিনি বলেন, সুমি আত্মহত্যা করার মতো মেয়ে নয়। বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
গোয়ালন্দ ঘাট থানার এসআই ডি এম নাজমুল হুদা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এলে প্রকৃত কারণ জানা যাবে।