যৌনপল্লিতে নারী শ্রমিককে বিক্রির চেষ্টা, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে এক পোশাকশ্রমিককে (২৬) বিক্রির চেষ্টাকালে গত শুক্রবার স্থানীয় লোকজন এক নারীকে উদ্ধার করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভদ্র শিমুল গ্রামের হারুন অর রশিদ (২৬), বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর বাহেরচর গ্রামের আনোয়ার হোসেন ওরফে মুন্না ঢালী (২৮), গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া গ্রামের ফেলু মোল্যাপাড়ার ইউসুফ সরদার (৩০) ও যৌনকর্মী শিল্পী বেগম (৪০)।
উদ্ধার হওয়া পোশাকশ্রমিক বলেন, তিনি তিন সন্তানসহ স্বামীর সঙ্গে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় থাকেন। কয়েক দিন ধরে একই কারখানায় কাজ করার সুবাদে হারুন ও মুন্না তাঁকে আরও ভালো বেতনে কাজ করার প্রলোভন দেখান। তাতে তিনি রাজি হননি। শুক্রবার সকালে বাসা থেকে বের হওয়ার পর ওই দুজন তাঁকে নবীনগর বেড়ানোর কথা বলে জোর করে গাড়িতে তোলেন। ওই দুজন তাঁকে বাসে করে বিকেলে দৌলতদিয়ায় নিয়ে আসেন। সেখানে ওই দুজন ইউসুফকে খালাতো ভাই ও শিল্পীকে ভাবি পরিচয় করিয়ে দিয়ে বাসার কথা বলে পল্লির দিকে নিয়ে যান।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, বেলা তিনটার দিকে যৌনপল্লি- সংলগ্ন কবরস্থান এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজনের সন্দেহ হওয়ায় তাঁরা ওই তিনজনকে আটক করেন। জিজ্ঞাসাবাদ করলে পোশাকশ্রমিক ঘটনা খুলে বলেন। এ সময় এলাকাবাসী হারুন ও মুন্নাকে হাতেনাতে আটক করে পিটুনি দিয়ে পুলিশে খবর দেন। ওই দুজনের দেওয়া তথ্যমতে ইউসুফ ও শিল্পীকেও আটক করা হয়। ওই নারীর পরিবারকে সংবাদ দেওয়া হলে স্বামী, বাবা-মাসহ অন্যরা আসেন। রাতেই ওই নারী আটক হওয়া চারজনকে অভিযুক্ত করে থানায় মানব পাচার আইনে মামলা করেন।