রাজশাহীর বাগমারার সেই চকমহব্বতপুর উচ্চবিদ্যালয়ে গোপনে নিয়োগ পাওয়া দুই শিক্ষকসহ তিনজন স্থানীয় লোকজনের বাধার মুখে আবারও যোগদান করতে পারেননি। এ সময় স্থানীয় লোকজনের হামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তাঁর দুই ছেলে আহত হয়েছেন।
এ ঘটনায় মদদ দেওয়ার অভিযোগে পুলিশ আওয়ামী লীগের গণিপুর ইউনিয়ন শাখার সভাপতি ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দুই সদস্যসহ তিনজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন আওয়ামী লীগের গণিপুর ইউনিয়ন শাখার সভাপতি হারুন অর রশিদ, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য বাবুল হোসেন ও ইনতাজ আলী।
এদিকে বিকেল পাঁচটার দিকে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। তাঁরা স্লোগান দিয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে থানার ভেতরে ঢুকে পড়েন। একপর্যায়ে পুলিশপ্রধান ফটক বন্ধ করে দেয়। পরে লোকজন প্রধান ফটকের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং থানা ঘেরাও করে রাখেন।
একই সময় নারীরা ঝাড়ু হাতে চকমহব্বতপুর স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা কামরুল হাসান সুজনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন।
অর্ধশতাধিক প্রত্যক্ষদর্শী জানান, গ্রীষ্মকালীন ছুটি শেষে গতকাল শনিবার বিদ্যালয় খোলা হয়। আগে গোপনে নিয়োগ পাওয়া দুই শিক্ষক ও এক অফিস সহকারী বিদ্যালয়ে যোগদান করতে আসবেন জানতে পেরে পোড়াকয়া ও চকমহব্বতপুর গ্রামের সহস্রাধিক নারী ও পুরুষ বিদ্যালয় মাঠে জমায়েত হন। সকাল নয়টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী সদ্য নিয়োগ পাওয়া সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ও মাহাবুর রহমান এবং অফিস সহকারী আমিরুল ইসলামকে যোগদান করাতে নিয়ে আসেন। এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া দেন। নিয়োগ পাওয়া তিনজন পালিয়ে গেলেও প্রধান শিক্ষক আফসার আলীকে ধরে মারপিট করেন তাঁরা। এ সময় প্রধান শিক্ষকের দুই ছেলে আনোয়ার হোসেন ও সানোয়ার হোসেন এগিয়ে এলে তাঁদেরও ব্যাপক মারপিট করা হয়। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে পুলিশ স্থানীয় লোকজনকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে দুপুরে পুলিশ বিদ্যালয় এলাকা থেকে আওয়ামী লীগের গণিপুর ইউনিয়ন সভাপতিসহ তিনজনকে আটক করে। হামলায় মদদ দেওয়ার অভিযোগে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁদের আটক করা হয়েছে।
তবে বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক ইনছান আলী, যুবলীগের গণিপুর ইউনিয়ন সভাপতি সানোয়ার হোসেনসহ শতাধিক ব্যক্তি জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রাজনৈতিকভাবে হেয় করার জন্যই পুলিশ তাঁদের আটক করেছে। আওয়ামী লীগের উপজেলা যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমানও এক বিবৃতিতে একই ধরনের অভিযোগ করেছেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য নায়েব আলী, সফির উদ্দিনসহ স্থানীয় লোকজন অভিযোগ করেন, গোপনে তাঁদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা এ বিষয়ে কিছু না জানলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি আওয়ামী লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোটা অঙ্কের টাকা নিয়ে তাঁদের নিয়োগ দিয়েছেন। ওই তিন শিক্ষক-কর্মচারীর নিয়োগ বাতিল ও যোগ্য শিক্ষক নিয়োগের দাবিতে এলাকার লোকজন বাধা দিয়েছেন বলে তাঁরা দাবি করেন।
২০ মে বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে ‘আ.লীগ নেতার নিয়োগ-বাণিজ্য’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ ছাপা হয়।