যোগদানের তিন মাস পর নিয়োগ বাতিল
সাতক্ষীরার সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের তিন মাস পর ২২ জন দপ্তরি কাম প্রহরী নিয়োগ বাতিল করা হয়েছে। নীতিমালা না মেনে নিয়োগ দেওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে এ নিয়োগ বাতিল করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল, জেয়ালা, জোড়দিয়া, গোয়ালপোতা, বালিথাসহ ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে একজন দপ্তরি কাম প্রহরী নিয়োগ দেওয়া হয়। এর আগে পরীক্ষার মাধ্যমে প্রতিটি পদের বিপরীতে তিনজনের তালিকা করা হয়। ওই তালিকা থেকে প্রতিটি বিদ্যালয়ে একজন করে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার পর প্রত্যেকে নিজ নিজ বিদ্যালয়ে ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে যোগ দেন।
সাতক্ষীরার আলীপুর দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস বলেন, তাঁর বিদ্যালয়ে গত ১ সেপ্টেম্বর দপ্তরি কাম প্রহরী হিসেবে ইন্দ্রজিৎ কুমার দাশ যোগ দেন।
সাতক্ষীরা জেলা প্রশাসনের দপ্তর সূত্রে জানা যায়, নীতিমালা অনুযায়ী এ পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। অভিযোগ আছে, সদ্য বদলিকৃত সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান তা না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।
মো. আসাদুজ্জামান মুঠোফোনে জানান, সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ চূড়ান্ত তালিকা তৈরি করেছিলেন। তিনি সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেই নিয়োগ দিয়েছিলেন। কিন্তু চূড়ান্ত নিয়োগের তালিকায় সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর নেননি। তবে আবদুল আজিজ বলেন, সবই করেছেন মো. আসাদুজ্জামান।
সাতক্ষীরা সদর উপজেলার বর্তমান ইউএনও শাহ আবদুল সাদী জানান, গত ১৯ নভেম্বর জেলা প্রশাসকের স্বাক্ষরিত একটি সভার রেজল্যুশনের কপি তাঁকে পাঠানো হয়। তাতে সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেরাম্যানের সঙ্গে পরামর্শ করে আবার দপ্তরি কাম প্রহরীর ২২টি পদের নিয়োগ দেওয়ার জন্য বলা হয় । তিনি এ বিষয় এখনো কাজ শুরু করেনি।
জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, সাতক্ষীরা সদর আসনের সাংসদের সঙ্গে আলোচনা না করেই মো. আসাদুজ্জামান দপ্তরি কাম প্রহরী নিয়োগ দিয়েছেন, এমন অভিযোগ পাওয়া যায়। অভিযোগ তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন আলীকে নির্দেশ দেওয়া হয়। তাঁর প্রতিবেদন পাওয়ার পর গত ১৯ নভেম্বর এক সভা করে এসব নিয়োগ বাতিল করা হয়। নতুন করে নিয়োগ দেওয়ার জন্য ইউএনওকে বলা হয়েছে।
দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগপ্রাপ্ত আলীপুর দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইন্দ্রজিৎ কুমার দাশ, ভোমরা বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. কবিরুল ইসলাম ও ব্যাংদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসীম কুমার দাশ জানান, তাঁরা তিন মাস ধরে কাজ করছেন। হঠাৎ করে নিয়োগ বাতিল করায় তাঁরা হতাশ হয়ে পড়েছেন। তবে কোনো চিঠি তাঁরা এখনো পাননি।