যৌতুক না পাওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ
পাবনার সাঁথিয়ায় দিলরুবা খাতুন (২৯) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, উপজেলার বহালবাড়িয়া গ্রামের মামুন হোসেন যৌতুক না পাওয়ায় গত শনিবার রাতে তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বলেন, গতকাল রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দিলরুবার ভাই সারোয়ার হোসেন বাদী হয়ে স্বামী মামুন হোসেনসহ শ্বশুর-শাশুড়ি ও ননদকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আসামিরা পালাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মামলার এজাহার ও নিহতের পরিবার সূত্র জানায়, প্রায় সাত বছর আগে মামুন হোসেনের সঙ্গে ঈশ্বরদী উপজেলার কালিকাপুর গ্রামের মৃত আবদুর রশিদের মেয়ে দিলরুবা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে মামুন দিলরুবার পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। এরই জের ধরে শনিবার রাতে মামুন হোসেনসহ তাঁর পরিবারের সদস্যরা দিলরুবাকে বেদম মারধর করেন। একপর্যায়ে শ্বাসরোরে হত্যার পর লাশ দড়িতে ঝুলিয়ে রাখা হয়। এরপর ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়।