যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুক না পেয়ে মৌসুমী আক্তার (২৮) নামের এক গৃহবধূর শরীর ভাতের মাড় দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জামপুর ইউনিয়নের উত্তর কাজীপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর কাজীপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মফিজুল ইসলামের সঙ্গে পাশের সেকেরহাট গ্রামের মজিবুর রহমানের মেয়ে মৌসুমীর প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে দুই বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের সাত মাস বয়সী একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে মৌসুমীকে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য চাপ দেন। তিন মাস আগে মৌসুমীর দৃষ্টিপ্রতিবন্ধী বাবা এক লাখ টাকা তাঁর শ্বশুরের হাতে তুলে দেন। সম্প্রতি মফিজুল বিদেশে যেতে মৌসুমীর কাছে আরও দুই লাখ টাকা চান। এ টাকা আনার জন্য বিভিন্ন সময়ে মৌসুমীর শাশুড়ি আনোয়ারা বেগম, স্বামী মফিজুল, দেবর রফিকুল ইসলাম শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ওই টাকার জন্য বুধবার রাতে মৌসুমীর সঙ্গে স্বামী, শাশুড়ি ও দেবরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মৌসুমীকে ঘরের ভেতর আটকে রেখে শারীরিক নির্যাতন করে তালাবদ্ধ করে রাখেন তাঁরা। গতকাল সকালে ঘরের তালা খুলে দিলে মৌসুমী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলেন। এ সময় রফিকুল উত্তেজিত হয়ে ভাতের গরম মাড় মৌসুমীর গায়ে ঢেলে দেন। এতে ওই গৃহবধূর পিঠসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। খবর পেয়ে মৌসুমীর পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ঘটনার পর থেকে মফিজুল ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন। এ ব্যাপারে মুঠোফোনে একাধিকবার মফিজুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় গতকাল মৌসুমী বাদী হয়ে থানায় মফিজুল, আনোয়ারা ও রফিকুলকে আসামি করে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।