যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে যৌতুক দিতে না পারায় রেহেনা বানু (৩০) নামের এক গৃহবধূকে সারা রাত লাঠি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ওই গৃহবধূকে গতকাল রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওই ঘটনায় গৃহবধূ স্বামী হোসেন আলীসহ (৩৫) সাতজনের নােম বদরগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার গোপীনাথপুর বাবুপাড়া গ্রামের দিনমজুর নুর ইসলামের মেয়ে রেহেনার সঙ্গে ১১ বছর আগে একই উপজেলার রামনাথপুর পাঠানপাড়া গ্রামের হোসেন আলীর বিয়ে হয়।
রেহেনা বানু অভিযোগ করেন, প্রায় রাতেই জুয়া খেলে বাড়িতে আসেন তাঁর স্বামী। নেশাও করেন। শনিবার রাতে বাড়ি ফিরে যৌতুক হিসেবে আরও এক লাখ টাকা আনতে বলেন রেহেনাকে। রাজি না হওয়ায় ঘরের দরজা বন্ধ করে সারা রাত পেটান। স্ত্রীকে মারধরের কথা স্বীকার করলেও যৌতুকের দাবিতে তাঁকে পেটাননি বলে জানান হোসেন আলী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত আবাসিক চিকিৎসক সাদিকুর রহমান বলেন, ওই গৃহবধূর শরীরে গুরুতর জখম রয়েছে।