যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
যৌতুক না পেয়ে পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদি গ্রামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই গৃহবধূ গত শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত গৃহবধূর নাম নুরুন্নাহার (২০)। এ ঘটনায় গতকাল শনিবার গৃহবধূর মা ফাতেমা বেগম বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা করেন।
পুলিশ গতকাল নিহত গৃহবধূর স্বামী আলমগীর মৃধাকে (২৭) গ্রেপ্তার করেছে।
ফাতেমা বেগম অভিযোগ করেন, দেড় বছর আগে একই গ্রামের আলমগীর মৃধার সঙ্গে নুরুন্নাহারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর মেয়ের ওপর নানাভাবে নির্যাতন করা হতো। গত সোমবারও যৌতুক চেয়ে নুরুন্নাহারকে বেদম মারধর করা হয়। এলোপাতাড়ি পেটানোর একপর্যায়ে নুরুন্নাহার অচেতন হয়ে পড়লে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে সেখানে নুরুন্নাহার মারা যান।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আলমগীর মৃধাকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।