যৌতুক না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
যৌতুক না পেয়ে টাঙ্গাইলের ঘাটাইলে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে ওই গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গৃহবধূর বাবা বুধবার ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন।
নিহত গৃহবধূর নাম শিমু রানী বর্মণ (১৯)। তিনি আনেহলা ইউনিয়নের চরপাড়া গ্রামের সুব্রত দাসের স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গারের গ্রামের শিমু রানী বর্মণের সঙ্গে আড়াই বছর আগে ঘাটাইল উপজেলার চরপাড়া গ্রামের সুব্রত দাসের বিয়ে হয়। গত ২৮ অক্টোবর বিকেলে যৌতুক না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শিমুকে মারধর করেন। একপর্যায়ে তাঁরা শিমুর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে শিমু গুরুতরভাবে দগ্ধ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরের দিন সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে শিমু মারা যান।
স্বামীর বাড়ির লোকজন শিমুর মৃত্যুর খবর তাঁর বাবা-মাকে না জানিয়ে বুধবার ঘাটাইলের চরপাড়া নিয়ে এসে দাহ করার চেষ্টা করেন। পরে শিমুর বাবার বাড়ির লোকজন খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় রাতেই শিমুর লাশ ঘাটাইল থানায় নিয়ে আসেন।
পরে নিহত শিমুর বাবা শুভরন চন্দ্র বর্মণ বাদী হয়ে সুব্রতসহ সাতজনকে আসামি করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন।
শুভরন বর্মণ অভিযোগ করেন, বিয়ের পর থেকেই পাঁচ লাখ টাকা এবং পাঁচ ভরি সোনার জন্য শিমুকে নির্যাতন করা হতো। ঘটনার আগের দিনও শিমুকে লোহার রড দিয়ে পেটানো হয় বলে দাবি করেন তিনি।
পলাতক থাকায় পুড়িয়ে হত্যার অভিযোগের বিষয়ে শিমুর স্বামী সুব্রত ও অপর আসামিদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।