যৌতুক না পেয়ে গৃহবধূকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে গত বুধবার যশোরের কেশবপুর উপজেলায় এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন মারধর করে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আহত গৃহবধূর নাম সাধনা বিশ্বাস (২৫)। তাঁর বাবার বাড়ি নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে। তিনি এখন নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।
সাধনার বাবা ঝন্টুরাম হালদার জানান, ছয় বছর আগে সাধনার সঙ্গে উপজেলার আলতাপুল গ্রামের বিকাশ বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের সময় ৩০ হাজার টাকা ও দুই ভরি সোনার গয়না দেওয়া হয়। কিছুদিন ধরে বিকাশ ৫০ হাজার টাকা এনে দিতে সাধনার ওপর চাপ দিচ্ছিলেন। বুধবার সাধনা বিকেলে গভীর নলকূপ থেকে পানি আনতে গিয়ে একটু দেরি করায় স্বামী তাঁকে বকাঝকা করেন। এ সময় শাশুড়ি তাঁর চুল ধরে মারতে থাকেন। পরে তাঁরা দুজন মিলে সাধনাকে বেদম মারধর করেন। এরপর তাঁকে চিকিৎসা না করিয়ে ঘরে আটকে রাখেন।
শুক্রবার সকালে সাধনার শ্বশুরবাড়ির প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম রাব্বী জানান, মারধরের কারণে সাধনার শরীর ফুলে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
ঝন্টুরাম হালদার বলেন, টাকা না পাওয়ায় তাঁর মেয়েকে মারধর করা হয়েছে।
এ বিষয়ে বিকাশ বিশ্বাস বলেন, টাকা-পয়সার জন্য নয়, সাংসারিক কাজের জন্য মারধর করা হয়েছে। এ বিষয়ে জানতে চেষ্টা করেও শাশুড়ি জ্যোৎস্না বিশ্বাসের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশী কয়েকজন বলেন, সাধনাকে তাঁর শাশুড়ি ও স্বামী প্রায়ই নির্যাতন করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।