যৌতুক না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
নরসিংদীর রায়পুরায় যৌতুক না পেয়ে রিমা আক্তার (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার উপজেলার নিলক্ষা ইউনিয়নের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রিমা টেকপাড়া এলাকার জাহাঙ্গীর মিয়ার স্ত্রী। তিনি সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের খোদাবিল্লা এলাকার রেজন মিয়ার মেয়ে।
রিমার চাচা জয়নাল মিয়ার বিবরণ অনুযায়ী, তিন বছর আগে রায়পুরা উপজেলার নিলক্ষা এলাকার মোতালিব মিয়ার ছেলে জাহাঙ্গীরের সঙ্গে রিমার বিয়ে হয়। বিয়ের পর বিদেশ যাওয়ার কথা বলে তিন লাখ টাকা যৌতুক নেন জাহাঙ্গীর। কিন্তু তিনি সেখানে বেশি দিন না থেকে দেশে ফিরে আসেন। বাবার বাড়ি থেকে আবার টাকা এনে দেওয়ার জন্য রিমার ওপর নির্যাতন শুরু করেন তিনি। এরই ধারাবাহিকতায় গতকাল রিমাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
আলোকবালী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল মিয়া বলেন, গতকাল দুপুরে জাহাঙ্গীর ফোন করে জানান যে রিমা মারা গেছে। পরে তাঁর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। রিমার গলায় কালো চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে গলা টিপে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে।