যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে গত রোববার যৌতুক না পেয়ে এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে সাতক্ষীরার শ্যামনগরে চিংড়িঘেরের মালিকের মারধরে আহত কর্মচারীর মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের চিংড়িঘেরের কর্মচারী স্বপন কুমার মণ্ডল (২৮) ও গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গ্রামের সুমা আক্তার (১৯)।
নিহত গৃহবধূর পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ইল্লা গ্রামের বার্থী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সুমার সঙ্গে চার মাস আগে একই গ্রামের রাসেদ ঘরামির বিয়ে হয়। বিয়ের সময় রাসেদকে নগদ এক লাখ টাকা যৌতুকসহ বিভিন্ন জিনিস দেওয়া হয়। কিন্তু কিছুদিন যেতে না-যেতেই রাসেদ ব্যবসা করার জন্য আরও এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় সুমাকে প্রায়ই মারধর করা হতো।
গ্রামের সাহেব আলী, আরিফ হোসেনসহ কয়েকজন জানান, রোববার সকালে টাকার জন্য সুমাকে চাপ দেওয়া হয়। একপর্যায়ে সুমাকে প্রচণ্ড মারধর করেন রাসেদ। পরে সুমা অচেতন হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবদুস সালাম দেওয়ান জানান, স্বামী পরিচয় দিয়ে রোববার দুপুরে বিষক্রিয়ায় আক্রান্ত এক নারীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়। লাশ নেওয়ার জন্য গাড়ি আনার কথা বলে স্বামী বেরিয়ে যান। কিন্তু লোকটি আর ফেরেননি।
অভিযোগের ব্যাপারে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও রাসেদকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে এই পরিবারের সবাই পলাতক।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় নিহতের বাবা মতলেব ফকির বাদী হয়ে রাসেদসহ ছয়জনকে আসামি করে গতকাল সোমবার থানায় হত্যা মামলা করেছেন।
শ্যামনগরে নিহত স্বপন কুমারের মা সীতা রানী মণ্ডল জানান, তাঁর ছেলে রমজাননগর গ্রামের গোলাম ফারুকের চিংড়িঘেরে পাহারাদার ছিল। বুধবার সকালে চিংড়ি চুরির অভিযোগে স্বপনকে ঘেরমালিক বেদম মারধর করেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চিংড়িঘেরের মালিক গোলাম ফারুকের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।