যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
ফেনীর সোনাগাজী উপজেলায় যৌতুক না পেয়ে রোকসানা আক্তার (১৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার দুপুরে ঘরের আড়ার সঙ্গে বাঁধা শাড়িতে ফাঁস লাগানো অবস্থায় রোকসানার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রোকসানার ভাই নূর উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
নূর উদ্দিন বলেন, সোনাগাজী উপজেলার পশ্চিম চর দরবেশ গ্রামের সামছুদ্দিন ওরফে শুক্কুর মিয়ার ছেলে মাঈনুদ্দিনের সঙ্গে ছয় মাস আগে তাঁর বোনের বিয়ে হয়। তাঁদের বাড়ি পাশের দক্ষিণ চর চান্দিয়া গ্রামে। বিয়েতে বর পক্ষের চাহিদামতো যৌতুক দেওয়া হয়। প্রায় দুই মাস আগে মাঈনুদ্দিন আবারও রোকসানাকে বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে সালিস-দরবারও হয়।
রোকসানার শ্বশুরবাড়ির প্রতিবেশীদের বরাত দিয়ে নূর উদ্দিন আরও বলেন, গত সোমবার দুপুরে মাঈনুদ্দিন যৌতুকের ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন এবং একপর্যায়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে তাঁকে হত্যা করেন। পরে তাঁকে গলায় শাড়ি পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেন।
খবর পেয়ে তিনি ও তাঁর মা ওই বাড়িতে ছুটে যান এবং সোনাগাজী থানা পুলিশকে খবর দেন। আজ মঙ্গলবার দুপুরে ফেনী সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) অরুণ কান্তি দে জানান, তিনি গৃহবধূ রোকসানাকে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তবে তাঁর হাঁটু বাঁকা ও পা দুটি মাটিতে লাগানো ছিল। এতেই ধারণা করা হয়, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, ময়নাতদন্তকালে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা ও মাথায় আঘাতের আলামত পাওয়া গেছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালেহ মো. জাফর জানান, গৃহবধূর ভাই নূর উদ্দিন বাদী হয়ে রোকসানার স্বামী মাঈনুদ্দিনসহ চার জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে স্বামীসহ পরিবারের সবাই পলাতক।