যৌতুক না পেয়ে দুজনকে হত্যা?
যৌতুক না পেয়ে বাগেরহাটে ও কিশোরগঞ্জে দুই গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ও গতকাল রোববার তাঁদের লাশ উদ্ধার হয়।
নিহত গৃহবধূরা হলেন বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের লাউপালা গ্রামের রুনা খাতুন (২৪) ও কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর পূর্বপাড়ার নিতু বেগম (১৮)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রুনাকে শনিবার রাত আটটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় বাগেরহাট সদরের যাত্রাপুর বাজারের পল্লি চিকিৎসক আবদুল লতিফের চেম্বারে নিয়ে যাওয়া হয়। এলাকার কয়েকজনের সন্দেহ হলে তাঁরা রুনার শ্বশুরবাড়ির লোকজনের কাছে ঘটনা জানতে চান। অবস্থা বেগতিক দেখে নিহত গৃহবধূর স্বামী সাইফুল শেখ সেখান থেকে পালিয়ে যান। এরপর স্থানীয় লোকজন রুনার শ্বশুর, শাশুড়ি ও ননদকে আটক করে পুলিশে খবর দেন। রাত নয়টার দিকে সদর থানার পুলিশ ওই চেম্বার থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে।
নিহত রুনা খাতুনের বাবা ওহিদ শেখ গতকাল রোববার দুপুরে অভিযোগ করেন, আড়াই বছর আগে লাউপালা গ্রামের মুদি দোকানি সাইফুল ইসলামের সঙ্গে তাঁর (ওহিদ) মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক চেয়ে তাঁর মেয়ের ওপর শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে আসছিলেন। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিস বৈঠকও হয়েছে। তিনি দাবি করেন, বিভিন্ন সময়ে যৌতুক হিসেবে তিনি জামাতাকে প্রায় দুই লাখ টাকা দিয়েছেন।
রুনার শ্বশুর আবদুস সালাম বলেন, সম্ভবত স্বামীর সঙ্গে কলহের জের ধরে রুনা কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। বাগেরহাট মডেল থানার পরিদর্শক মাহাবুবুর রহমান বলেন, নিহত গৃহবধূর মুখে বিষাক্ত তরলের অস্তিত্ব পাওয়া গেছে।
এদিকে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরে নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, নিহত নিতু বেগম ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। দুই বছর আগে প্রতিবেশী শিপন মিয়ার (২৪) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছর ১৭ জুলাই তাঁরা পালিয়ে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর স্ত্রীকে নিজের বাড়ি নিয়ে যাননি শিপন। শেষে নিতু বাবার বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে শিপন নিয়মিত শ্বশুরবাড়ি যাতায়াত করতেন। নিজের বাড়িতে নিতে হলে যৌতুক দিতে হবে বলে জানান শিপন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল। শনিবার শিপন শ্বশুরবাড়িতে ছিলেন। গতকাল ভোরে তিনি কাউকে কিছু না বলে চলে যান। সকাল আটটার দিকে পরিবারের লোকজন ঘরে ঢুকে নিতুর লাশ দেখতে পান।
নিতুর বাবা নবী হোসেন গতকাল ভৈরব থানায় শিপন, তাঁর ভাই রিপন, বাবা মতি ও মা ডেইজি বেগমকে আসামি করে হত্যা মামলা করেছেন।
নবী হোসেন অভিযোগ করেন, বিয়ের পর থেকে শিপনেরা যৌতুক হিসেবে ২০ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার দাবি করে আসছিলেন। ওই সব দিতে রাজি না হওয়ায় শিপন স্ত্রীকে হত্যা করেছেন।
অভিযোগ সম্পর্কে জানতে গতকাল সকালে শিপনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। সব কটি কক্ষ ছিল তালাবদ্ধ। মুঠোফোনে চেষ্টা করেও তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।