যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন স্বামী গ্রেপ্তার
যৌতুক না পেয়ে পিরোজপুরের সদর উপজেলায় এক গৃহবধূকে বেধড়ক মারধর করে একটি কক্ষে চার দিন ধরে বন্দী করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ গতকাল বুধবার ওই নারীর স্বামী মাহমুদ মোকারমকে (৪৮) গ্রেপ্তার করেছে।
এর আগে গত মঙ্গলবার নির্যাতনের শিকার নাজরিন আক্তার (৩৩) বাদী হয়ে স্বামীকে আসামি করে থানায় মামলা করেন।
হাসপাতালে চিকিৎসাধীন নাজরিন আক্তার জানান, ২০ বছর আগে সদর উপজেলার জুজখোলা গ্রামের বাসিন্দা তেজদাসকাঠী কলেজের শিক্ষক মাহমুদের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে মাহমুদ তাঁকে যৌতুকের জন্য মারধর করতেন। পরে তাঁর নামে থাকা খুলনা ও পিরোজপুরের জমি বিক্রি করে তিনি স্বামীর হাতে প্রায় অর্ধকোটি টাকা তুলে দেন। সম্প্রতি মাহমুদ পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য তাঁকে চাপ দিতে থাকেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে গত বৃহস্পতিবার রাতে মাহমুদ তাঁকে শক্ত কাঠ দিয়ে বেধড়ক আঘাত করেন। এরপর হাত-পা দড়ি দিয়ে বেঁধে তাঁকে একটি কক্ষে আটকে রাখেন।
গৃহবধূর মামা পলাশ সিকদার বলেন, গত সোমবার নাজরিনের প্রতিবেশী এক নারী তাঁকে ফোন করে জানান, নাজরিনকে মারধর করে বন্দী করে রাখা হয়েছে। খবর পেয়ে ওই দিন বিকেলে পুলিশকে জানিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় নাজরিনকে উদ্ধার করেন তিনি।
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ননী গোপাল রায় জানান, নাজরিনের শরীরে বহু আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, এজাহারভুক্ত একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।