যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা?
যৌতুক না পেয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার উপজেলার বেতাগৈর ইউনিয়নের চারকামাটখালী গ্রামে স্বামীর বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মারা যাওয়া ফরিদা খাতুন (৩৮) উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামের মো. জুমান আলী শিকদারের মেয়ে। তাঁর স্বামী স্বপন মল্লিক (৪৫) একই ইউনিয়নের চারকামাটখালী গ্রামের মো. হাসেন মল্লিকের ছেলে। গতকাল দুপুরে চারকামাটখালী গ্রামে গিয়ে স্বপন মল্লিককে বাড়িতে পাওয়া যায়নি। ওই ঘটনার পর থেকে তিনি বাড়িতে নেই। পুত্রবধূর মৃত্যু সম্পর্কে হাসেন মল্লিক বলেন, দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। মৃত্যু ঘটল কীভাবে, তা তিনি জানেন না।
ফরিদার বড় ভাই মো. বাচ্চু শিকদার বলেন, ছোট বোনের মৃত্যুর খবর গত শনিবার রাত তিনটার দিকে অন্যের কাছে জানতে পারেন। শনিবার দিনভর ফরিদার ওপর নির্যাতন চালিয়েছিল স্বপন। বিদেশ যাওয়ার টাকার জোগান দিতে না পারায় দুই বছর ধরে তাঁকে নির্যাতন করা হয়েছে।
ফরিদার শ্বশুরবাড়ির প্রায় এক কিলোমিটার দূরে তাঁর বড় বোন মাজেদা খাতুনের বাড়ি। তিনি (মাজেদা) গতকাল থানা চত্বরে এই প্রতিবেদককে বলেন, নির্যাতনের ঘটনা তিনি লোকমুখে শুনেছিলেন। শনিবার বিকেলে তিনি বোনের বাড়িতে গিয়ে কাউকে পাননি। আশপাশের লোকজনের কাছে জানতে পারেন, ফরিদাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। রাত সাড়ে আটটার দিকে ফরিদাকে বাড়িতে আনা হয়। তাঁকে রেখে স্বপন বাইরে চলে যান। কিন্তু তাঁর বোনের অবস্থা ভালো ছিল না, ছটফট করছিলেন। গভীর রাতে তাঁর বোন মারা যান।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান গতকাল বিকেল সাড়ে পাঁচটায় বলেন, মরদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে। ডান কানে ক্ষত ও রক্ত ছিল। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জের ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর বাবার বাড়ির লোকজন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।