যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
পিরোজপুর সদর উপজেলার জুজখোলা মিরুয়া গ্রামে গতকাল মঙ্গলবার সকালে যৌতুক না পেয়ে অনিমা মীরবর (২৮) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত অনিমার শাশুড়ি কল্পনা মীরবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পর থেকে অনিমার স্বামী উত্তম মীরবর (৩২) পলাতক।
পুলিশ ও মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, সদর উপজেলার জুজখোলা মিরুয়া গ্রামের উপেন মীরবরের ছেলে উত্তম মীরবরের সঙ্গে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড় হরিপুর গ্রামের অনন্ত বাছাড়ের মেয়ে অনিমার ১১ বছর আগে বিয়ে হয়। ওই দম্পতির অনিক মীরবর নামের সাত বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য উত্তম স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। গতকাল সকালে উত্তম স্ত্রীকে মারধর করে ঘরে ফেলে রাখেন। দুপুর ১২টার দিকে স্থানীয় গ্রামপুলিশ ও উত্তমের মা কল্পনা মীরবর অনিমাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর অনিমাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অনিমার বাবা অনন্ত বাছাড় বাদী হয়ে উত্তম বীরবরকে প্রধান আসামি করে স্থানীয় থানায় হত্যা মামলা করেন।
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ননী গোপাল রায় বলেন, অনিমার গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
অনন্ত বাছাড় অভিযোগ করেন, ‘বিয়ের পর থেকেই যৌতুকের জন্য উত্তম আমার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। যৌতুক হিসেবে মেয়েজামাইকে বিভিন্ন সময় নগদ টাকা ও মালামাল দেওয়া হয়েছে। এরপরেও আমার মেয়েকে হত্যা করা হলো।’
পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, ‘নিহত গৃহবধূকে উত্তম প্রায়ই মারধর করতেন। কয়েক দিন আগে আমি উত্তমকে ডেকে স্ত্রীকে মারধর না করতে সতর্ক করে দিয়েছিলাম।’
নিহত অনিমার শাশুড়ি কল্পনা মীরবর বলেন, ‘সকালে আমি বাড়িতে ছিলাম না। বেলা ১১টার দিকে বাড়িতে ফিরে অনিমাকে ঘরের খাটের ওপর পড়ে থাকতে দেখি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’
পিরোজপুর সদর থানার ওসি এস এম মাসুদউজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যৌতুক না পেয়ে গৃহবধূকে মারধর ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।