যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যৌতুকের টাকা দিতে না পেয়ে এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার উপজেলার কোন্নগড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম আছিয়া খাতুন (২৮)। তিনি নালিতাবাড়ী উপজেলার কোন্নগড় গ্রামের ইউনুছ আলীর ছেলে মনিরুল ইসলামের (৩৫) স্ত্রী ও নকলা উপজেলার ধনাকুশা গ্রামের আশরাফ আলীর মেয়ে।
পুলিশ ও নিহত গৃহবধূর বাবা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে মনিরুলের সঙ্গে আছিয়া খাতুনের বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের সময় ১ লাখ ২০ হাজার টাকা যৌতুক হিসেবে মনিরুলকে দেওয়া হয়। মনিরুল আরও ৫০ হাজার টাকা দাবি করেন। ওই টাকা দিতে রাজি না দেওয়ায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আছিয়ার প্রায়ই ঝগড়া হতো। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে শ্বশুর-শাশুড়ির সঙ্গে আছিয়ার ফের ঝগড়া হয়। বিকেলে আছিয়া শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে মনিরুল তাঁকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে বাড়িতে নিয়ে আসেন। এরই কিছুক্ষণ পর আছিয়া ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে শ্বশুরবাড়ির লোকজন প্রচার চালাতে থাকেন। খবর পেয়ে রাতেই পুলিশ মনিরুলদের বাড়ির রান্নাঘরের মেঝে থেকে আছিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় মনিরুলসহ শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যান।
গতকাল শুক্রবার সকালে আছিয়ার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় গতকাল আছিয়ার বাবা আশরাফ আলী বাদী হয়ে জামাতাসহ তাঁর পরিবারের চারজনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে চেষ্টা করেও মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, আছিয়ার লাশের গলায় রশি দিয়ে পেঁচানোর দাগ ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।