যৌতুক না পেয়ে গৃহবধূর চুল কেটে দিল স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে যৌতুক না পেয়ে রোকসানা (২২) নামের এক গৃহবধূকে নির্যাতন ও তাঁর চুল কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতনের শিকার ওই গৃহবধূর স্বামী হাসানুজ্জামানকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার সদর উপজেলার রোকসানার সঙ্গে একই উপজেলার হাসানুজ্জামানের (৩০) বিয়ে হয় দুই বছর আগে।

সদর উপজেলায় রোকসানার স্বামীর বাড়িতে গত শুক্রবার রাতে নির্যাতনের এই ঘটনা ঘটে।

গত সোমবার রাতে হাসপাতালে রোকসানা বলেন, ‘খালি টাকা চায়। টাকা দিবার না পারলে মারধর করে। শেষমেশ ঘরোত বন্ধ করিয়া মারপিট করতে করতে মাথার চুলও কাটি দিল।’ চিকিৎসাধীন রোকসানার পাশে থাকা তাঁর মা বলেন, ‘একমাত্র মাইয়াটার বিয়া দিছি ধুমধাম করিয়া। কিন্তু সুখ হইল না। এই নির্যাতনের বিচার হউক, এইটা চাই।’

রোকসানার স্বজনদের অভিযোগ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, বিয়ের সময় রোকসানার পরিবারের পক্ষ থেকে হাসানুজ্জামানকে এক লাখ টাকা যৌতুক দেওয়া হয়। বিয়ের এক বছর না যেতেই স্ত্রীর কাছে আরও এক লাখ টাকা যৌতুক দাবি করেন হাসানুজ্জামান। এই টাকা দিতে না পারায় স্ত্রীকে প্রায়ই মারপিটসহ শারীরিকভাবে নির্যাতন করা হতো। এ অবস্থায় রোকসানার পরিবার জমি বিক্রি করে আরও ৫০ হাজার টাকা দেয়। এতেও সন্তুষ্ট হননি হাসানুজ্জামান। গত শুক্রবার রাতেও তাঁকে নির্যাতন করেন স্বামী। একপর্যায়ে চুলের কিছু অংশ কেটে নেওয়া হয়। রোকসানা সংজ্ঞা হারিয়ে ফেললে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

রোকসানা বর্তমানে হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক বলেছেন, শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। সেরে উঠতে আরও সময় লাগবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় গত শনিবার রাতে রোকসানার বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় হাসানুজ্জামানসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন। হাসানুজ্জামানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যরা গা ঢাকা দিয়েছেন।