যৌতুক না পেয়ে নির্যাতনের অভিযোগ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় যৌতুকের দাবি করে না পেয়ে এক গৃহবধূকে তাঁর স্বামী ও স্বজনেরা নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ সম্প্রতি বড়লেখা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার হিনাইনগর গ্রামের মৃত সুনীল চন্দ্র দের মেয়ে সাবিত্রী দের (২৯) সঙ্গে প্রায় দুই বছর আগে সিলেটের মোগলাবাজার এলাকার মৃত অমূল্য মোহন দের ছেলে অবিনাশ মোহন দের (৪৫) বিয়ে হয়। অবিনাশ বিয়ের আগে থেকেই বড়লেখার বারইগ্রাম এলাকায় মামার বাড়িতে বাস করছেন। বিয়ের পর অবিনাশ ও তাঁর মামার বাড়ির লোকজন যৌতুকের দাবিতে প্রায়ই সাবিত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো শুরু করেন।
কিছুদিন আগে অবিনাশের মামার বাড়ির লোকজন তাঁদের বসতঘরের পাশে তিন শতক জায়গায় তাঁকে আলাদা ঘর নির্মাণ করতে বলেন। ঘর নির্মাণের জন্য অবিনাশ তাঁর স্ত্রী সাবিত্রীকে বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে ৩ লাখ টাকা আনতে চাপ দেন। তাতে রাজি না হওয়ায় গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অবিনাশ, তাঁর মামি জলি রানী দে (৪০), জলির মেয়ে আঁখি রানী দে (২০) কাঠ দিয়ে সাবিত্রীকে এলোপাতাড়ি পেটান। একপর্যায়ে চুল ধরে টানার সময় ঘরের দেয়ালের সঙ্গে আঘাত লেগে সাবিত্রীর মাথা ফেটে যায়। খবর পেয়ে পিসতুতো ভাইয়েরা ঘটনাস্থলে গিয়ে সাবিত্রীকে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। চিকিৎসা শেষে গত মঙ্গলবার সাবিত্রী থানায় অভিযোগ দেন।
স্ত্রীকে নির্যাতনের অভিযোগ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার অবিনাশের মুঠোফোনে ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী গতকাল বৃহস্পতিবার বলেন, অভিযোগের পর অবিনাশের বাড়িতে গিয়ে ঘরে তালা ঝুলতে দেখা গেছে। এ সময় তাঁর স্বজনদেরও পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।