যৌতুক না পেয়ে স্ত্রীকে ঘরে আটকে রেখে নির্যাতন
ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গুচ্ছ গ্রামে যৌতুকের দাবি করে না পেয়ে রুমা আক্তার নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ঘরে আটকে রেখে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার মামলা হয়েছে।
নির্যাতনের শিকার রুমা আক্তার (২৫) ভালুকা উপজেলার পাড়াগাঁও গুচ্ছা গ্রামের ইমরান হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান হোসেনের সঙ্গে চার বছর আগে রুমা আক্তারের বিয়ে হয়। রুমার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামে। বিয়ের সময় ইমরানকে যৌতুক দেওয়া হয়। বিয়ের আনুমানিক এক বছর পর ইমরান রুমার পরিবারের কাছে আরও পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। গত রোববার রাতে ইমরান রুমার কাছে আবারও যৌতুকের টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় ইমরান উত্তেজিত হয়ে রুমাকে ঘরে আটকে রেখে রাতভর বাঁশের কঞ্চি দিয়ে পেটান। রুমা ঘর থেকে বের হতে চাইলে ইমরান ঘরের দরজা আটকে রেখে তাঁকে মারধর করেন। একপর্যায়ে রুমা জ্ঞান হারিয়ে ফেলেন। গত সোমবার দুপুরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে রুমাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর থেকে ইমরান ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছে।
পলাতক থাকায় রুমাকে নির্যাতন করার অভিযোগের বিষয়ে ইমরানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
খবর পেয়ে রুমার ভাই ইকবাল হোসেন গতকাল ইমরানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভালুকা মডেল থানায় মামলা করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে।