যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের তুহিন খানের (৩৫) বিরুদ্ধে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহতাবস্থায় তাঁর স্ত্রী আছিয়া বেগম (২৫) বর্তমানে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আছিয়ার বাবা আবদুল খালেক মাতুব্বর বলেন, ২০০৯ সালে আছিয়ার বিয়ে হয়। বিয়ের সময় তুহিনকে চার লাখ টাকা দেওয়া হয়। কিছুদিন পর তুহিন আবারও বাবার বাড়ি থেকে টাকা আনতে আছিয়াকে চাপ দেন। পরে তাঁকে আবারও টাকা দেওয়া হয়। ক্রমে তুহিনের চাহিদা বাড়তে থাকে। টাকা না পেলে তিনি আছিয়াকে নির্যাতন করতেন এবং তালাক দেওয়ার হুমকি দিতেন। একপর্যায়ে আছিয়া বাবার বাড়িতে চলে যান। এ অবস্থায় গত জানুয়ারিতে তুহিন ডাকযোগে শ্বশুরবাড়িতে তালাকনামা পাঠান। এ নিয়ে উভয় পক্ষ সালিস বৈঠকে বসে। সালিসে তুহিনকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তিনি আছিয়াকে নিয়ে স্বাভাবিক দাম্পত্য জীবন শুরু করবেন বলে সিদ্ধান্ত দেওয়া হয়। তুহিন ওই অর্থ আছিয়ার ব্যাংক হিসাবে জমা দেন। কিছুদিন পর তুহিন ওই টাকা ফেরত চান। আছিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি আবারও নির্যাতন শুরু করেন। গত বুধবার রাতে তিনি আছিয়াকে লোহার রড ও লাঠি দিয়ে পেটান।
আছিয়া বেগমের বাবার বাড়ি আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামে। বৃহস্পতিবার বিকেলে তিনি বাবার বাড়িতে পৌঁছান। পরিবারের সদস্যরা সন্ধ্যায় আছিয়াকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গতকাল শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় আছিয়ার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন। তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন।
হাসপাতালের জরুরি বিভাগের কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা শাহীনা সুলতানা জানান, আছিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন, অনেক স্থান ফোলা।
তুহিন খানের সঙ্গে যোগাযোগ করলে মুঠোফোনে তিনি বলেন, ‘তিন লাখ টাকা ফেরত চেয়েছি। এরপর আছিয়া পালিয়ে গেছে। মারধর বা নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় গতকাল বেলা তিনটায় বলেন, ‘এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’