যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোণা গ্রামের এক গৃহবধূকে তাঁর স্বামী হাত-পা বেঁধে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনি ও রোববার তাঁর ওপর নির্যাতন চালানো হয়।

ওই গৃহবধূর নাম রোকশানা বেগম (২৩)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোণা গ্রামের রুমেল আহমদের (২৮) স্ত্রী। গত রোববার রোকশানার বাবার বাড়ির লোকজন তাঁকে মৌলভীবাজার সদর হাপাতালে ভর্তি করে। এ ঘটনায় রোববার রাতেই রোকশানার বাবা কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামের আবদুল ওয়াহিদ বাদী হয়ে রুমেলসহ পাঁচজনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোণা গ্রামের আলমাছ মিয়ার ছেলে রুমেল আহমদের সঙ্গে দুই বছর আগে রোকশানা বেগমের বিয়ে হয়।

গতকাল রোকশানার মা সোয়ারা বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকে তিনি (রোকশানার স্বামী) যৌতুক বাবদ নগদ ৫০ হাজার টাকা দাবি করে আসছেন। ওই টাকা আনতে না পারায় রুমেল রোকশানাকে হাত-পা বেঁধে বেদম পিটুনি দিয়েছেন। গত রোববার রাতে স্থানীয় লোকজন মুঠোফোনে এ খবর দিলে তাঁরা মৌলভীবাজার সদর থানার পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় রুমেলদের বাড়ি থেকে রোকশানাকে উদ্ধার করে রাতেই মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

মৌলভীবাজার সদর হাসপাতাল সূত্রে জানা যায়, রোকশানার হাত ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। 

এ বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে রোকশানার স্বামী রুমেল আহমেদ বলেন, তিনি তাঁর স্ত্রীকে নির্যাতন করেননি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।