যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক দাবি করে না পেয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার উপজেলার উত্তর কুন্নগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ শাহিনুর বেগম (১৮) উত্তর কুন্নগর গ্রামের ওবায়দুল হোসেনের স্ত্রী এবং কাপাসিয়া পুবপাড়া গ্রামের আবদুল হাকিম উদ্দিনের মেয়ে। এ ঘটনায় হাকিম উদ্দিন জামাতাসহ চারজনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার নালিতাবাড়ী থানায় হত্যা মামলা করেছেন।

পুলিশ ও মেয়ের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল শাহিনুরের সঙ্গে উত্তর কুন্নগর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে ওবায়দুল হোসেনের (২৫) বিয়ে হয়। ছেলে আগে আরেকটি বিয়ে করায় শাহিনুরের পরিবার এই বিয়েতে রাজি ছিল না। ওবায়দুলের দপ্তরি পদে চাকরির জন্য তাঁর বাবা মজিবুর রহমান ২০ দিন আগে শাহিনুরের বাবার কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করেন। মেয়ের বাবা টাকা দিতে পারবেন না বলে জানিয়ে দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

গতকাল বিকেলে শ্বশুরবাড়িতে শাহিনুর স্ট্রোক করেছেন বলে তাঁর বাবাকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান আবদুল হাকিম। এ সময় জামাতা ওবায়দুল ও তাঁর বাবা বাড়িতে ছিলেন না।