যৌতুক না পেয়ে স্ত্রীর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর ওপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
ওই গৃহবধূর নাম তাসলিমা আক্তার (২২)। তিনি উলুকান্দা লাইরাশি গ্রামের আজিজুল হকের (৩০) স্ত্রী। নির্যাতনের ঘটনায় তাসলিমার বাবা বাবুল মিয়া বুধবার থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, আজিজুল হকের সঙ্গে গোড়াগাঁও গ্রামের তাসলিমা আক্তারের আড়াই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে আজিজুল হক ও তাঁর পরিবারের লোকজন দুই লাখ টাকা যৌতুকের জন্য তাসলিমা ও তাঁর বাবাকে চাপ দিয়ে আসছিলেন। টাকা না দেওয়ায় আজিজুল প্রায়ই তাসলিমাকে মারধর করতেন। এ নিয়ে গ্রামে সালিসও হয়। মঙ্গলবার সন্ধ্যায় যৌতুকের টাকা না পেয়ে আজিজুল ও তাঁর পরিবারের লোকজন তাসলিমাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এর একপর্যায়ে তাসলিমার গোপনাঙ্গে আজিজুল মরিচের গুঁড়া ঢেলে দেন। চিৎকার শুনে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে রাতেই তাসলিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তাসলিমার বাবা বলেন, ‘টাকা না পেয়ে তাসলিমার ওপর তাঁরা এমন বর্বর নির্যাতন করেছেন। আমি এর বিচার চাই।’
আজিজুল হক মুঠোফোনে গতকাল রাতে বলেন, ‘যৌতুকের জন্য চাপ দিইনি। মারপিটও করিনি। আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটু কথা-কাটাকাটি হয়েছিল। পরে খামখেয়ালি করে একটু মরিচের গুঁড়া হাতে নিয়ে শরীরে ঢেলেছিলাম। অন্য জায়গায় নয়।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।’