যৌতুক না পেয়ে হত্যা?
রাজধানীর কদমতলীতে যৌতুক না পেয়ে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে বাসার তালা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক।
নিহত গৃহবধূ পপি আক্তারের (২২) স্বামী ইসমাইল হোসেন একটি ডাইং কারখানার কর্মচারী।
পপি আক্তারের ভগ্নিপতি নাজমুল হুদা বলেন, আট মাস আগে পপির বিয়ে হয়। তিন মাস ধরে তাঁর স্বামী ইসমাইল এক লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে শুরু করেন। এই টাকা না পেয়েই তিনি পপিকে হত্যা করতে পারেন।
খিলগাঁও থানা-পুলিশ সূত্রে জানা যায়, কদমতলী রিভারভিউ আবাসিক এলাকার একটি বাসায় স্বামীর সঙ্গে থাকতেন পপি। বৃহস্পতিবার রাতে তাঁর ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে ভবনের বাসিন্দাদের সন্দেহ হয়। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ পপির লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূর মাথা ও ভ্রুতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য গতকাল শুক্রবার তাঁর লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, নিহত নারীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এতে ইসমাইলের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।