যৌতুক না পেয়ে হত্যার অভিযোগ
জামালপুরের মেলান্দহ উপজেলায় যৌতুক না পেয়ে পপি আক্তার (২৪) নামের এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন শ্বাস রোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার উপজেলার দুরমুঠ ইউনিয়নের কুলিয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
পপি কুলিয়া গ্রামের মো. ইসমত আলীর স্ত্রী। তাঁর বাবার বাড়ি জামালপুর পৌরসভার কম্পপুর এলাকায়। বাবার নাম রফিক খান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে পপির সঙ্গে ইসমতের বিয়ে হয়। শুরু থেকেই ইসমত যৌতুকের জন্য তাঁকে নির্যাতন করতেন। সম্প্রতি ইসমতকে এক লাখ টাকা দেন পপির বাবা। তখন কিছুদিন নির্যাতন বন্ধ ছিল। এরপর আবার যৌতুকের জন্য নির্যাতন শুরু হয়।
পপির বাবা রফিক খান বলেন, ‘গত বৃহস্পতিবার পপির শ্বশুরবাড়ি থেকে ফোন আসে সেখানে যাওয়ার জন্য। সকালে গিয়ে মেয়ের লাশ দেখতে পাই। আমার মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য লাশটি ঝুলিয়ে রাখা হয়েছিল। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
ইসমতের বাবা হেলাল উদ্দিন দাবি করেছেন, তাঁর পুত্রবধূ আত্মহত্যা করেছেন। আত্মহত্যার কারণ জিজ্ঞাসা করলে তিনি কোনো জবাব দেননি।
মেলান্দহ থানার এসআই সেকান্দর আলী বলেন, ওই গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর রহস্য জানা যাবে।
পরিদর্শক (তদন্ত) মো. টিপু সুলতান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।