যৌতুক না পেয়ে হত্যার অভিযোগ পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের সাগরদী এলাকায় মনিরা আক্তার (১৯) নামের তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ গত বৃহস্পতিবার সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ওই সময় ঘরটি তালাবদ্ধ ছিল। এ ঘটনায় গতকাল শুক্রবার মনিরার স্বামী মেহেদী হাসানকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য মনিরাকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছেন।
মনিরার পরিবারের সদস্যরা জানান, বরগুনার আমতলী উপজেলার হরিদ্রাবাড়িয়া গ্রামের হতদরিদ্র দৃষ্টিপ্রতিবন্ধী মফেজ হাওলাদারের মেয়ে মনিরা আক্তারের সঙ্গে একই ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের আলমগীর শিকদারের ছেলে মেহেদী হাসানের বিয়ে হয় এক বছর আগে। বিয়ের আগেই মেহেদী হাসান পরিবার নিয়ে বরিশাল নগরের সাগরদী এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন। তাঁদের অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামী মেহেদী হাসান, শ্বশুর আলমগীর শিকদার, শাশুড়ি পিয়ারা বেগমসহ পরিবারের লোকজন নির্যাতন করে আসছেন। দুই মাস আগে মেহেদী হাসান ব্যবসা করার জন্য ৫০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল দাবি করেন। কিন্তু মনিরার বাবা এ দাবি মেটাতে না পারায় মনিরার ওপর নির্যাতন শুরু হয়। প্রায় দিনই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করতেন।
মনিরার বাবা মফেজ হাওলাদার বলেন, বুধবার সন্ধ্যায় মনিরা মুঠোফোনে বলে, ‘বাবা, ওরা কানের দুল ও ৫০ হাজার টাকার জন্য আমাকে প্রতিদিন মারধর করে, তুমি যেভাবে পারো ওদের যৌতুকের দাবি মিটিয়ে দাও, না হয় ওরা আমাকে বাঁচতে দেবে না।’ তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে তিনি জানতে পারেন, মনিরাকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে লোকজন পালিয়ে গেছে। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান বলেন, এ ঘটনায় সন্দেহমূলকভাবে মনিরার স্বামী মেহেদী হাসানকে গতকাল আটক করা হয়েছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ জন্য সন্দেহজনকভাবে গতকাল সকালে মনিরার স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।