যৌতুক মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে
ঠাকুরগাঁওয়ে স্ত্রীর করা যৌতুকের মামলায় গত মঙ্গলবার মো. দেলোয়ার হোসেন নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) কারাগারে পাঠানো হয়েছে। তিনি পুলিশের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) সদস্য হিসেবে গণভবনে কর্মরত আছেন। তাঁর বাড়ি সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৩ মে সদর উপজেলার রুহিয়া ঘনিমহেশপুর গ্রামের শামসুল হকের মেয়ে ছবিতা আক্তারকে দেলোয়ার হোসেন বিয়ে করেন। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে কলহ চলছিল। কলহের একপর্যায়ে ২০১২ সালের জুলাই মাসে ছবিতা ছেলেমেয়ে নিয়ে বাবার বাড়ি চলে যান। এই নিয়ে সালিশ বৈঠক হলেও সমঝোতা হয়নি। এরপর চলতি বছরের ১২ জানুয়ারি ছবিতা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালতে দেলোয়ারসহ পাঁচজনের বিরুদ্ধে যৌতুকের মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ সুপারকে তদন্তের দায়িত্ব দেন। পুলিশ সুপার মামলাটি তদন্তের জন্য সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবুল কালাম আজাদকে দায়িত্ব দেন। তদন্ত শেষে তিনি ১২ মার্চ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালতের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।
তদন্ত প্রতিবেদনে আবুল কালাম আজাদ উল্লেখ করেন, দেলোয়ারের বিরুদ্ধে যৌতুক আইনের ৪ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। আর বাদীর আরজিতে উল্লেখ করা অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি। অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ওই তদন্ত প্রতিবেদনে দেলোয়ারের বিরুদ্ধে সমন জারি করতে সুপারিশ করেন আবুল কালাম আজাদ।
এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, মামলা করার আগে বিষয়টি সমাধানে ২০১৫ সালের আগস্ট মাসে রুহিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার রায় স্থানীয় তরিকুল ইসলাম, মকবুল হোসেনসহ কয়েকজন ব্যক্তিকে নিয়ে সালিশ বৈঠক করেছিলেন। কিন্তু সেখানে সমাধান আসেনি। সে সময় দেলোয়ার চার লাখ টাকা পেলে ছবিতাকে ঘরে তুলে নেবেন বলে সালিশ বৈঠকে উপস্থিত ব্যক্তিদের জানিয়েছিলেন। এ কথা তদন্তের সময় তাঁরা তাঁকে (আবুল কালাম আজাদ) জানিয়েছেন।
সমন পাওয়ার পরও দেলোয়ার হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গত মঙ্গলবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।