যৌতুকের আগুনে পুড়ে চলে গেলেন নাসিমা

যৌতুক চেয়ে না পেয়ে স্ত্রী নাসিমার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন স্বামী রুবেল হোসেন। ১৩ দিন সীমাহীন যন্ত্রণা ভোগ করে আজ শুক্রবার চিরবিদায় নিলেন দগ্ধ নাসিমা। মৃত্যুর আগে স্বামীর বিরুদ্ধে গায়ে আগুন দেওয়ার ওই অভিযোগ করে গেছেন তিনি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকেরা আগেই বলেছিলেন, নাসিমার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। আজ সকাল ছয়টার দিকে নাসিমা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
যৌতুকের জন্য স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগে রুবেল হোসেনের (৩০) বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা হয়েছে। বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্ডুগ্রামে তাঁর বাড়ি।
মামলার তদন্ত কর্মকর্তা মঞ্জুরুল ভূঁইয়া বলেন, মৃত্যুকালে নাসিমার জবানবন্দি তিনি রেকর্ড করেছেন। প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে যে স্বামীই নাসিমার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছেন। রুবেল পলাতক। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।
নাসিমা (২৩) হাসপাতালের বার্ন ইউনিটের ১০ নম্বর শয্যায় তিনি চিকিত্সাধীন ছিলেন। আগুনে তাঁর শরীরের ৮২ শতাংশ পুড়ে যায়। নাসিমার বাবা আব্দুল গাফফারের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার গাদোঘাট গ্রামে। স্বামীর বাড়ি থেকে তাঁর বাবার বাড়ি দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। দুপুরে ময়নাতদন্ত শেষে নাসিমার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে দেখা যায়, নাসিমার চেহারা বিকৃত হয়ে গেছে। মা শুধু মেয়ের বিছানার চারপাশে অস্থিরভাবে পায়চারি করছেন। মেয়ের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে পারেননি।
আজ দুপুরে হাসপাতাল মর্গের সামনে নাসিমার বাবা আব্দুল গাফফারের সঙ্গে কথা হয়। তিনি বলেন, নাসিমা তাঁর একমাত্র সন্তান। সপ্তম শ্রেণিতে পড়ার সময় মেয়ের বিয়ে দিয়েছিলেন। জামাই হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। একপর্যায়ে শিক্ষকতা ছেড়ে দিয়ে তিনি মসজিদের ইমামতি শুরু করেন। গত চার-পাঁচ মাস আগে তা বাদ দিয়ে নওগাঁ সদরে তিনি প্লাস্টিক সামগ্রীর দোকান দেন। এ জন্য তিনি দুই লাখ টাকা দিয়েছেন। এর আগেও দুই দফায় ৭০ হাজার টাকা দিয়েছেন। একমাত্র সন্তান হওয়ার কারণে শাশুড়ি তাঁকে টাকা দিতেন। নওগাঁয় দোকান করার পর তাঁরা একটি বাসা ভাড়া করে থাকতেন।
এবার জামাইয়ের দাবি ছিল আরও ১০ লাখ টাকা দিতে হবে। টাকা না পেয়ে গত ২৪ অক্টোবর রাতে তিনি নাসিমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
আব্দুল গাফফার বলেন, এর আগেও তিনবার স্বামীর অত্যাচারে তাঁর মেয়ে চলে এসেছিলেন। সামাজিক সালিসের মাধ্যমে আর নির্যাতন না করার প্রতিশ্রুতি দিয়ে জামাই তাঁর মেয়েকে নিয়ে যান।