যৌতুকের জন্য কোপাল গৃহবধূকে, ছিঁড়ে নিল চুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় এক গৃহবধূর মাথার চুল ছিঁড়ে, বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। পাবনার ঈশ্বরদীর জয়নগরের শিমুলতলা এলাকায় গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ মঞ্জুয়ারা খাতুন (৩০) তিন দিন ধরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

হাসপাতালে চিকিৎসাধীন মঞ্জুয়ারার দাবি, তাঁর বাবার বাড়ি উপজেলার নারিচা গ্রামে। গত ৩১ অক্টোবর জয়নগরের মনোয়ার হোসেন ওরফে সুজনের সঙ্গে তাঁর বিয়ে হয়। সুজনের আগের পক্ষে স্ত্রী ও সন্তান রয়েছে। বিয়ের সময় ব্যবসার কথা বলে সুজন পাঁচ লাখ টাকা যৌতুক নেন। বিয়ের পর আবারও যৌতুকের দাবি করেন সুজন ও তাঁর পরিবারের লোকজন।

ওই দিনের ঘটনার বর্ণনা দিয়ে মঞ্জুয়ারা অভিযোগ করেন, গত সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি শ্বশুরবাড়িতেই ছিলেন। সুজনের পরিবার তাঁর বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। তিনি অস্বীকৃতি জানালে কথা-কাটাকাটির একপর্যায়ে সুজন ও তাঁর বাবা ইয়াকুব আলীসহ পরিবারের অন্যরা তাঁকে কিল, ঘুষি, লাথি ও কাঠের ডান্ড দিয়ে বেধড়ক পেটান। একপর্যায়ে বঁটি দিয়ে কোপানো হয়। শ্বশুরবাড়ির লোকজন তাঁর মাথার চুল ছিঁড়ে ও কেটে দেয়। বাড়ির বাইরে রাস্তায় এনে সবার সামনে পেটাতে পেটাতে তাঁকে অচেতন অবস্থায় ফেলে যায়। খবর পেয়ে তাঁর খালাতো ভাই রুবেল গিয়ে তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন আইরিন আফরোজ প্রথম আলোকে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মঞ্জুয়ারার ডান হাতে ও পায়ে চার-পাঁচটি বড় ধরনের ক্ষত হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। পেটে প্রচণ্ড আঘাতের কারণে তিনি বমি করছেন।

মঞ্জুয়ারার মা জাহিদা বেগমের অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে শ্বশুরবাড়ির লোকেরা তাঁর মেয়েকে পিটিয়ে-কুপিয়ে মেরে ফেলতে চেয়েছিল।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, ঘটনা শুনে স্বাস্থ্য কমপ্লেক্স ও সুজনের বাড়িতে পুলিশ পাঠানো হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্বামী সুজন ও শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। মঞ্জুয়ারা তাঁর ভাইয়ের মাধ্যমে থানায় অভিযোগ পাঠিয়ে মামলাটি করেছেন।