যৌতুকের জন্য গৃহবধূ ও জমি নিয়ে প্রবাসী খুন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যৌতুক না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এক গৃহবধূকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক ব্যক্তি খুন হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার কটপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ শামীমের স্ত্রী হনুফা আক্তার ওরফে ময়না (২০) ও কমলগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের দুবাইপ্রবাসী আবুল হোসেন (৪০)।
গতকাল মঙ্গলবার সকালে চৌদ্দগ্রামের কটপাড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে হনুফা আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। হনুফার পরিবারের অভিযোগ, যৌতুকের দুই লাখ টাকা দিতে না পারায় শ্বশুরবাড়ির লোকজন ফাঁসিতে ঝুলিয়ে হনুফাকে হত্যা করেন। আর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, হনুফা নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
হনুফা আক্তারের ভাই মো. হারেছ মোল্লা অভিযোগ করেন, ‘২০১৬ সালের জানুয়ারি মাসে কটপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ শামীমের সঙ্গে হনুফার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন হনুফার ওপর নানা ধরনের নির্যাতন চালাত। সোমবার রাত ১০টার দিকে আমার বোন ফোন করে বলে, তার স্বামী দুবাই যাবেন। এ জন্য দুই লাখ টাকা দিতে হবে। অন্যথায় তাকে বাড়িতে পাঠিয়ে দেবে। গতকাল সকালে খবর আসে হনুফার লাশ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলছে। খবর পেয়ে সকাল আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
এ বিষয়ে হনুফার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সাল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় কালো দাগ ছিল। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
বসতভিটার মালিকানার বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে প্রবাসী আবুল হোসেন সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই আবদুর রউফ বাদী হয়ে কমলগঞ্জ থানায় গতকাল চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বসতভিটার মালিকানা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাই রুবেল মিয়া, নজরুল ইসলাম, খয়রুল ইসলামসহ কয়েকজনের সঙ্গে আবুল হোসেনের গত শুক্রবার সকালে ঝগড়া হয়। এর জেরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পর প্রতিপক্ষ লাঠি দিয়ে আঘাত করলে আবুল হোসেন গুরুতর আহত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।