যৌতুকের জন্য গৃহবধূ খুনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এদিকে সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে এক তরুণের গলা কাটা লাশ।

আটঘরিয়ায় নিহত গৃহবধূর নাম আঁখি খাতুন (১৮)। তিনি বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের বড় নওগাঁ গ্রামের হালিম শেখের মেয়ে। এদিকে উদ্ধার করা লাশটি জহুরুল ইসলাম (১৮) নামের এক তরুণের। তিনি কৃষ্ণপুর গ্রামের নূর ইসলামের ছেলে।

আঁখির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মাত্র তিন মাস আগে পশ্চিমপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে জাইদুল ইসলামের সঙ্গে আঁখির বিয়ে হয়। এরপর থেকেই আঁখির পরিবারের কাছে যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল ও ৫০ হাজার টাকা দাবি করে আসছিলেন জাইদুল। কিন্তু মেয়েটির পরিবার যৌতুক দিতে না পারায় আঁখির ওপর অত্যাচার শুরু হয়। এরই জের ধরে গত শনিবার বিকেল থেকে জাইদুল ও তাঁর পরিবারের লোকজন আঁখির ওপর অত্যাচার শুরু করেন। রাতে স্বামীর বাড়ির একটি ঘরের আড়ার সঙ্গে ফাঁস নেওয়া অবস্থায় আঁখির লাশ পাওয়া যায়।

আটঘরিয়া থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, সুরতহালে মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনার পর থেকে মেয়েটির স্বামী ও তাঁর পরিবারের লোকজন পালাতক।

এদিকে শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন জহুরুল। গতকাল বিকেলে গ্রামের একটি গমখেতে তাঁর লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। আতাইকুলা থানার ওসি আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।