যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় যৌতুকের টাকা না দেওয়ায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে রোকেয়া (৪০) নামের এক গৃহবধূকে নির্যাতন করে শিকলে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। বরগুনা সদরের পাজরাভাঙ্গা গ্রামের খলিফা বাড়িতে গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নির্যাতনের খবর পেয়ে বরগুনা থানার পুলিশ সন্ধ্যা সাড়ে সাতটায় ঘটনাস্থলে গিয়ে নির্যাতনের শিকার গৃহবধূকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রোকেয়া বেগম বাদী হয়ে রাতে বরগুনা সদর থানায় ৮ জনের নামে মামলা করেন। পুলিশ গৃহবধূর স্বামীসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
রোকেয়া বেগম বলেন, দীর্ঘদিন ধরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাঁকে শারীরিক নির্যাতন করে আসছেন। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা আনতে চাপ দিয়ে আসছিলেন। জমি বিক্রি করে টাকা আনতে অস্বীকার করায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাঁকে শারীরিক নির্যাতন করেন।
ওই গৃহবধূ জানান, নির্যাতন সইতে না পেরে বৃহস্পতিবার বিকেলে ছোট মেয়ে আফিফাকে নিয়ে বাবার বাড়ি তালতলী যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দেবর আলতাফ খলিফা, ভাশুরের ছেলে আল আমিন, ইমরান ও কবির খলিফা তাঁকে মারধর করেন এবং পরে পায়ে শিকল দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। নির্যাতনের খবর পেয়ে তাঁর বাবা ও ভাইয়ের ছেলে তালতলী থেকে তাঁকে উদ্ধার করতে এলে শ্বশুরবাড়ির লোকজন তাঁদেরও মারধর করেন। এতে তাঁর বাবা আহত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমরানের স্ত্রী আসমা বেগমকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
বরগুনা থানার ওসি এস এম মাসুদুজ্জামান বলেন, ‘গৃহবধূ নির্যাতনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পায়ে শিকল বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আমরা দুজন আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’