যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের মজলিশপুর এলাকায় যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামীসহ শ্বশুর পলাতক রয়েছেন।
নিহত গৃহবধূ হলেন গাজীপুর সিটি করপোরেশনের টান কড্ডা এলাকার ইদ্রিস আলীর মেয়ে শারমিন আক্তার (২০)।
পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্র জানায়, ইদ্রিস আলীর মেয়ে শারমিন আক্তারের সঙ্গে এক বছর আগে পার্শ্ববর্তী মজলিশপুর এলাকার আবদুল মালেক মিয়ার ছেলে মিঠু মিয়ার (২৫) বিয়ে হয়। শারমিন চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের সময় মিঠুর পরিবার দুই লাখ টাকা যৌতুক দাবি করে। বিয়ের দিনই এক লাখ টাকা পরিশোধ করে শারমিনের পরিবার। বিয়ের পর থেকেই বাকি এক লাখ টাকার জন্য শারমিনকে চাপ সৃষ্টি করেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। টাকার জন্য নির্যাতনও করা হয় তাঁকে। এ নিয়ে গত মে মাসে শারমিন জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই সময় উভয় পক্ষ আলোচনা করে সমঝোতা করে। শারমিনকে আর নির্যাতন করা হবে না মর্মে তাঁর শ্বশুরবাড়ির লোকজন প্রতিশ্রুতি দেন। গত মঙ্গলবার রাতে শারমিন তাঁর ওপর আবার নির্যাতন করা হচ্ছে বলে মুঠোফোনে তাঁর স্বজনদের জানান। এরপর পরিবারের তরফ থেকে মুঠোফোনে শারমিনের শ্বশুরবাড়ির লোকজনকে নির্যাতন বন্ধ করতে বলা হয়। বুধবার বিকেলে শারমিনের মামাশ্বশুর সাইদুর রহমান মুঠোফোনে শারমিনের স্বজনদের বলেন, শারমিন আত্মহত্যা করেছেন। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকেই শারমিনের স্বামী মিঠু মিয়া ও শ্বশুর আবদুল মালেক পলাতক।
জয়দেবপুর থানার উপপরিদর্শক আবুল হাসেম বলেন, ‘প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যার ঘটনা মনে বলে হচ্ছে না। কারণ ঝুলন্ত অবস্থায় লাশের হাঁটু মাটিতে ভাঁজ করা ছিল। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শারমিনের বাবা জয়দেবপুর থানায় মামলা করেছেন।