যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গতকাল বুধবার রাতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত গৃহবধূর নাম সুমী খাতুন (২৫)। তাঁর স্বামী রবিউল ইসলাম। গতকাল রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হাড়দেলুয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে সুমীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সুমীর বাবা জিয়াউর রহমান বাদী হয়ে আজ বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া থানায় রবিউল ও শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে সুমীর শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, চার বছর আগে রবিউলের সঙ্গে সুমীর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য সুমীকে মারধর করতেন রবিউল। এ ছাড়া শ্বশুরবাড়ির লোকজন তাঁকে নানা ধরনের নির্যাতন করতেন। সর্বশেষ এক লাখ টাকা যৌতুকের দাবিতে গতকাল রাতে সুমীর সঙ্গে রবিউলের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রবিউল ও অন্যরা মিলে শ্বাসরোধ করে সুমীকে হত্যা করেন। তারপর তাঁর গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন তাঁরা।
জিয়াউর রহমানের ভাষ্য, বিয়ের সময় রবিউলকে দেড় লাখ টাকা যৌতুক দেওয়া হয়। গত ঈদের সময় আরও এক লাখ টাকা যৌতুক দাবি করেন রবিউল। ওই টাকার জন্যই রবিউল ও তাঁর বাড়ির লোকজন মিলে সুমীকে হত্যা করেছেন।