যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যৌতুকের জন্য এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার উপজেলার দৌলতদিয়ায় এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম আয়শা ছিদ্দিকা ওরফে সাথী (১৯)। তাঁর স্বামীর নাম মুরাদ হোসেন (২২)। তাঁদের দেড় বছর বয়সী এক ছেলেসন্তান আছে।

সাথীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সাথীর খালা লিলি বেগমের ভাষ্য, ছোটবেলায় মা মারা যাওয়ায় সাথীকে বড় করেছেন তিনি। ২০১৩ সালে দৌলতদিয়ার হোসেন মণ্ডলপাড়ার মুরাদের সঙ্গে সাথীর বিয়ে হয়। বিয়ের পর মোটরসাইকেল ও ব্যবসার জন্য টাকা চেয়ে স্ত্রীকে চাপ দেন মুরাদ। তিনি সাথীকে মারধরও করতেন। এ ছাড়া এক নারীর সঙ্গে মুরাদ বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন। এ নিয়ে গতকাল সোমবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। মুরাদ বাড়ি থেকে বেরিয়ে রাতে আর ফেরেননি। বিষয়টি ভোররাতে ফোনে খালাকে (লিলি) জানান সাথী। ভোরে বাড়ি ফেরেন মুরাদ। এর ঘণ্টা খানেক পরে সাথীর মৃত্যুর খবর পাওয়া যায়।

মুরাদের মা মাহমুদা বেগমের ভাষ্য, আজ সকালে সাড়াশব্দ না পেয়ে সাথীর কক্ষে গিয়ে তাঁর ঝুলন্ত দেহ দেখা যায়। এ সময় মুরাদকে দেখা যায়নি। সাথীকে টাকাপয়সার জন্য মারধর করা হতো না বলে দাবি করেন তিনি।

গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, সাথীর মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এ ঘটনায় তাঁর শ্বশুরবাড়ির কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাথীর লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।