যৌতুকের জন্য নববধূকে পুড়িয়ে মারলেন স্বামী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবর্ণা আক্তার
সুবর্ণা আক্তার

যৌতুক না পেয়ে বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় স্বামীর দেওয়া আগুনে এক নববধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নববধূর নাম সুবর্ণা আক্তার (১৮)। তাঁর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার বাহেরচর গ্রামে। তিনি নরসিংদী সরকারি কলেজের ২০১৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। সুবর্ণার স্বামীর নাম মো. ইলিয়াস (২১)। তাঁর বাড়ি নরসিংদী পৌরসভা এলাকায়।
৮ নভেম্বর সুবর্ণার সঙ্গে ইলিয়াসের বিয়ে হয়। বিয়ের সময় কথা ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার পর সুবর্ণাকে তুলে দেওয়া হবে। এ জন্য সুবর্ণা বাবার বাড়িতেই থাকতেন।
গত শনিবার রাত ১০টার দিকে সুবর্ণাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বাবা, চাচা ও অন্য স্বজনদের উপস্থিতিতে সুবর্ণা বলেন, ওই দিন তিনি টেস্ট পরীক্ষা দিতে কলেজে যাওয়ার সময় ইলিয়াস তাঁকে ফোন করেন। ফোনে ইলিয়াস যৌতুক বাবদ দুই লাখ টাকা দাবি করেন। সুবর্ণা বলেন, তাঁর বাবা কৃষক। বাবার পক্ষে দ্রুত এত টাকা দেওয়া সম্ভব নয়। এরপর বিকেলে বাসায় আসছি বলে ইলিয়াস ফোন কেটে দেন।
সুবর্ণার ভাষ্য, বাবার বাড়িতে একটি পৃথক ঘরে তিনি থাকতেন। বিকেল পাঁচটার দিকে পরীক্ষা দিয়ে কলেজ থেকে তিনি বাড়ি ফেরেন। ঘরে ঢোকামাত্রই হাজির হন ইলিয়াস। এরপর টাকার কথা জানতে চান। জবাবে সুবর্ণা জানান, টাকা জোগাড় করা সম্ভব হয়নি আর বাবাকে তিনি টাকার কথা বলতে পারবেন না। ইলিয়াস তখন বলেন, টাকা না দিলে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেবেন। সুবর্ণা বলেন, ‘ভালোবেসে বিয়ে করেছ, আবার পুড়িয়ে মারবে? আগুন ধরিয়ে দিতে চাইলে দাও।’ সঙ্গে সঙ্গেই ইলিয়াস একটি বোতলে করে নিয়ে আসা কেরোসিন সুবর্ণার গায়ে ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন জ্বেলে দেন। এরপরই পালিয়ে যান।
সুবর্ণার বাবা আনোয়ার হোসেনের ভাষ্য, সুবর্ণার চিৎকার শুনে তাঁকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে ঢাকায় নিতে বলেন। রাত ১০টার দিকে সুবর্ণাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
আনোয়ার হোসেন জানান, কলেজে যাওয়ার পথে ইলিয়াস সুবর্ণাকে উত্ত্যক্ত করতেন। এতে অনেকটা অতিষ্ঠ হয়েই দুই পরিবারের সমঝোতায় ৮ নভেম্বর সুবর্ণার সঙ্গে ইলিয়াসের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুকের ব্যাপারে কোনো কথা হয়নি।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা যায়, আগুনে সুবর্ণার শরীরের ৯০ শতাংশই পুড়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। তাঁর মরদেহ বার্ন ইউনিটের লাশঘরে রাখা হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত কোনো মামলা করা হয়নি। ঢাকা কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়ায় যৌতুকের জন্য নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ: জেলার দুপচাঁচিয়া উপজেলার কইল কর্মকারপাড়ায় গত শনিবার যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম ছন্দা রানী কর্মকার (২৫)। এ ঘটনায় তাঁর ভাই অনন্ত কর্মকার হত্যার অভিযোগ এনে দুপচাঁচিয়া থানায় মামলা করেছেন। এতে নিহতের স্বামী গোবিন্দ কর্মকার (৩২) ও তাঁর মা বেলা রানী কর্মকারকে আসামি করা হয়েছে। দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়ার শাহজাহানপুর গ্রামের সুনিল কর্মকারের মেয়ে ছন্দার সঙ্গে গোবিন্দের বিয়ে হয় এ বছরের জানুয়ারি মাসে। বিয়ের সময় মেয়ের বাবা নগদ তিন লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার যৌতুক দেন জামাইকে। বিয়ের কয়েক মাস পর থেকেই আবারও যৌতুকের জন্য গোবিন্দ ও তাঁর মা বেলা রানী বিভিন্ন সময় ছন্দাকে নির্যাতন করতেন। শনিবার সকালে তাঁরা নির্যাতন করে ছন্দাকে হত্যা করেন। ছন্দার বড় ভাই কর্মকার গতকাল মামলা করার পর পুলিশ গোবিন্দ ও তাঁর মা বেলা রানীকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা দুপচাঁচিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মোতালেব জানান, নিহতের শরীরে নিচের দিকে কয়েকটি আঘাতের চিহ্ন ছিল। তবে নির্যাতনে নাকি বিষপানে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে বলা যাচ্ছে না।
তবে গ্রেপ্তার হওয়া গোবিন্দ কর্মকার যৌতুকের জন্য নির্যাতন করার কথা অস্বীকার করে দাবি করেন, দাম্পত্য কলহের জের ধরে ছন্দা বিষপানে আত্মহত্যা করেছেন।
দুপচাঁচিয়া থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ মামলার পর নিহতের স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।