যৌতুকের জন্য নির্যাতন!
রংপুরের তারাগঞ্জে যৌতুকের জন্য এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও দুই আসামির কাউকে গ্রেপ্তার করা হয়নি।
নির্যাতিত গৃহবধূ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বালাপুর গ্রামের সাহাবুল ইসলামের মেয়ে সাবিনা বেগমের (২৫) সঙ্গে পাশের রহিমাপুর গ্রামের এমাজ উদ্দিনের ছেলে রুমন হোসেনের (৩০) বিয়ে হয় বছর চারেক আগে।
সাহাবুল ইসলামের ভাষ্য, জামাই ও তাঁর পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে বিয়ের পর তিনি যৌতুক হিসেবে পর্যায়ক্রমে এক লাখ ৫৫ হাজার টাকা এবং এক লাখ টাকার আসবাবপত্র দিয়েছেন। চলতি বছরের জুন মাসে ব্যবসা করার জন্য জামাই আবারও আড়াই লাখ টাকা চান। ওই টাকার জন্য মেয়েকে (সাবিনা) চাপ দেওয়ার পাশাপাশি প্রায়ই নির্যাতন করা হতো। গত সোমবার (১২ অক্টোবর) সকালে আবারও চাপ দেওয়ার পর টাকা আনতে অস্বীকৃতি জানালে জামাই (রুমন) তাকে বেদম পেটান। একপর্যায়ে সে জ্ঞানও হারিয়ে ফেলে। লোক মুখে ঘটনাটি জেনে ওই দিনই মেয়েকে উদ্ধার করে দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
মেয়ের বরাত দিয়ে সাহাবুল বলেন, প্রতিবারই নির্যাতনের ক্ষেত্রে তার শ্বশুর (রুমনের বাবা এমাজ উদ্দিন) মদদ দিতেন। সোমবারের ঘটনার কয়েক দিন পর তিনি নিজে বাদী হয়ে গত শনিবার (১৭ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন আইনে তারাগঞ্জ থানায় একটি মামলা করেছেন। এতে মেয়ের স্বামী ও শ্বশুরকে আসামি করা হয়েছে।
মামলাটি দায়েরের চার দিন পর আজ বৃহস্পতিবার পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।
আফরোজা বেগম নামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা গৃহবধূ সাবিনার চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে কথা বলতে চাইলে রুমন হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভাই সাবিনাকে বিয়ে করে বিপদে আছি। এখন ব্যস্ত। পরে কথা হবে।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস সরকারের ভাষ্য, ‘ওই গৃহবধূর বাবা থানায় আসার সঙ্গে সঙ্গেই মামলা নেওয়া হয়েছে। পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’