যৌতুকের জন্য স্ত্রীকে কোপালেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর উপজেলায় যৌতুকের জন্য এক ব্যক্তি তাঁর স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছেন। বর্তমানে তিনি পাবনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
আহত গৃহবধূর নাম রত্না খাতুন (২০)। উপজেলার চিনাখড়া গ্রামে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। রত্নার বাবার বাড়ি উপজেলার কাদুয়া ইউনিয়নের কাঁকিয়ান গ্রামে। দুই বছর আগে পাশের চরমানিকদির গ্রামের বাবলু শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল উদ্দিন বলেন, এ ঘটনায় গৃহবধূর বাবা রুহুল আমিন বাদী হয়ে গত শুক্রবার রাতে নারী নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেছেন। মামলায় বাবলু শেখকে একমাত্র আসামি করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পুলিশ বাবলুকে ধরতে অভিযান চালাচ্ছে।
মামলার এজাহার, আহত রত্না ও তাঁর বাবার সঙ্গে কথা বলে জানা যায়, বিয়ের রাতেই বাবলু শেখ রত্নার বাড়ি থেকে দেওয়া সোনার চেইনটি বিক্রি করে দেন। যৌতুক না দেওয়ায় স্বামী, শ্বশুর, দেবর, ননদ প্রতিনিয়ত রত্নাকে কটাক্ষ করতেন। এরপর বাবলু উঠতে-বসতে তাঁকে মারধর করতেন। সিগারেটের আগুন দিয়ে কয়েকবার শরীরে ছ্যাঁকাও দিয়েছেন। থাকতে না পেরে গত সোমবার রত্না বাবার বাড়ি চলে আসেন। পরে বুধবার তিনি চিনাখড়া গ্রামে বোনের বাড়িতে আশ্রয় নেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেখানে যান বাবলু শেখ। বাড়ির লোকজন বাবলুকে আপ্যায়নের জন্য ব্যস্ত থাকেন। এই ফাঁকে বাবলু রত্নাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।
রত্নার বোন রুমা খাতুন বলেন, মাথায় ও পায়ে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান রত্না। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সুপারিশ করেন। কিন্তু টাকা জোগাড় না হওয়ায় রত্না এখনো পাবনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
রত্না বলেন, ‘আমি তো কোনো দোষ করি নাই, তাউ আমাক ধরে খালি মারত। রাগ উঠে গেলি গায় সিগারেটের আগুন ঠাসে ধরত। সারা গা পুড়ে গেছে। বাঁচার জন্যি উয়ের ঘর ছারছিলেম। তাও রক্ষা পালেম না।’
গতকাল শনিবার ক্লিনিকের অস্থায়ী চিকিৎসক ও জেলার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট মাসুদুর রহমান বলেন, রত্নার মাথায় দুটি, কপালে একটি ও ডান পায়ে দুটি কোপ লেগেছে। তাঁর পায়ের রক্তনালি কেটে গেছে ও হাড় ভেঙে গেছে। মাথার খুলিতেও চিড় ধরেছে। অস্ত্রোপচার করে তাঁর পায়ে প্লেট লাগানো হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।