যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলায় যৌতুকের দাবিতে মাহমুদা বিবি (২৮) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী অমানুষিক নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে গত শুক্রবার রাত ১০টার দিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাহমুদা উপজেলার বৈলশিং গ্রামের খলিলুর রহমানের মেয়ে এবং শিশইল গ্রামের জালাল হোসেনের স্ত্রী।
মাহমুদা বিবি জানান, ২০০৪ সালে ৩০ সেপ্টেম্বর জালাল হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়েতে তাঁর বাবা ১ লাখ ১০ হাজার টাকা যৌতুক দিয়েছিলেন। কিন্তু বিয়ের পর থেকে জালাল হোসেন যৌতুকের জন্য আবারও তাঁর ওপর চাপ সৃষ্টি করে। কয়েকবার নির্যাতনেরও শিকার হন তিনি। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক হয়। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় নেশা করে বাড়ি ফেরেন জালাল হোসেন। বাবার বাড়ি থেকে আরও ১০ হাজার টাকা যৌতুক আনার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় হাত-পা বেঁধে তাঁকে মারধর করেন তাঁর স্বামী। একপর্যায়ে জ্বলন্ত সিগারেট দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন। অবস্থা বেগতিক হলে রাতেই তাঁকে হাত-পা বেঁধে ফেলে রেখে জালাল হোসেন বাড়ি থেকে পালিয়ে যান। এ সময় কৌশলে বাড়ি থেকে বেরিয়ে মাহমুদা গ্রামে তাঁর চাচা শহিদুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। পরে রাত ১০টার দিকে তাঁকে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
কর্তব্যরত চিকিৎসক সাদিয়া আফরিন ও মাহবুবা আক্তার বলেন, মাহমুদার শরীরের বিভিন্ন স্থানে আগুনের ছ্যাঁকা দেওয়ার চিহ্ন রয়েছে।
মাহমুদার ভাই আবদুর রশিদ জানিয়েছেন, এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেবেন।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গৃহবধূর শরীরে নির্যাতনের চিহ্ন তিনি দেখেছেন। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।