যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মামলা
নওগাঁর মান্দায় যৌতুকের টাকা না পেয়ে এক স্বামী তার স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কুসুম্বা গ্রামে এ ঘটনা ঘটেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, নির্যাতনের শিকার গৃহবধূ ফরিদা বিবি বাদী হয়ে গতকাল বুধবার দুপুরে তাঁর স্বামী মোজাহার হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
গৃহবধূ ফরিদা বিবির ভাই আবুবক্কর সিদ্দিক দাবি করেন, তিন মাস আগে তাঁর বোনের সঙ্গে একই গ্রামের আলাউদ্দীন আলীর ছেলে মোজাহার হোসেনের বিয়ে হয়। বিয়ের সময় তাকে যৌতুক হিসেবে ৮০ হাজার টাকা এবং কিছু সোনার গয়না দেওয়া হয়। মোজাহার হোসেন মাদকাসক্ত হওয়ায় অল্প দিনের মধ্যে টাকা ও গয়না বিক্রি করে দেয়। এরপর তিনি আরও এক লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে না পারায় গত শনিবার তিনি ফরিদার হাত-পা বেঁধে গাঁজা সেবনের গরম কলকি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়। একপর্যায়ে মোজাহার ফরিদার দেহের বিভিন্ন অংশ কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলে এবং তাঁকে ঘরে আটকে রাখে। তিন দিন পর প্রতিবেশী কয়েকজনের কাছ থেকে সংবাদ পেয়ে কুসুম্বা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নওফেল আলীর সহায়তায় ফরিদাকে উদ্ধার করে গত মঙ্গলবার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনোরঞ্জন মণ্ডল বলেন, ওই নারীর দেহে পোড়া ও মারধরের চিহ্ন রয়েছে।