যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়ার পশ্চিম দিঘলিয়া গ্রাম থেকে গতকাল ফুলমালা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। যৌতুকের জন্য তাঁর স্বামী তাঁকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন। 
এ ঘটনায় নিহত ফুলমালার ভাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে পশ্চিম দিঘলিয়া গ্রামের এখলাস মিয়ার সঙ্গে ফুলমালা বিয়ে হয়। গতকাল সকাল সাতটার দিকে তাঁদের দুজনের মধ্যে ঝগড়া হয়। সকাল ১০টার দিকে প্রতিবেশীদের কাছ থেকে ফুলমালার মৃত্যুর খবর পেয়ে স্বজনেরা ওই বাড়িতে যান। দুপুর ১২টার দিকে ওই বাড়ি থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত ফুলমালার ভাই বাবুল আকতার বলেন, যৌতুকের টাকার জন্য তাঁর বোনকে প্রায় মারধর করতেন এখলাস। বেশ কয়েক দিন আগে যৌতুকের টাকার জন্য শশুরবাড়ির লোকজন তাঁর বোনকে মারধর করলে এখলাসকে ২৫ হাজার টাকা দেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, এর পরও পুনরায় যৌতুকের জন্য টাকাপয়সা চেয়ে না পেয়ে তাঁর বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে এখলাসের মুঠোফোনে চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনার পর ওই বাড়ির সবাই পলাতক রয়েছেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার বলেন, এটি হত্যা কিংবা আত্মহত্যা কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর স্পষ্ট হবে।