যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলা সদরে যৌতুকের জন্য নাসিমা আক্তার (২৩) নামের এক গৃহবধূকে গত শনিবার রাতে তাঁর স্বামী পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাসিমা আক্তারের ডাকনাম নাইস। হাসপাতালের খাতায় সেই নামই লেখা হয়েছে। হাসপাতালের বার্ন ইউনিটের ১০ নম্বর শয্যায় তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সারা গা আগুনে ঝলসে গেছে। মুখের চামড়া ঝলসে সাদা হয়ে গেছে। দুই হাত ও দুই পায়ে ব্যান্ডেজ জড়ানো হয়েছে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রিজভী জানিয়েছেন, আগুনে নাসিমার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।
এ বিষয়ে নাসিমার বাবা আবদুল গাফফার বলেন, তাঁদের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার গাদোঘাট গ্রামে। তাঁদের একমাত্র সন্তান নাসিমা। নাসিমার স্বামী রুবেল হোসেনের (৩০) বাড়ি একই উপজেলার কুণ্ডুগ্রামে। প্রায় ১০ বছর আগে নাসিমার সঙ্গে রুবেলের বিয়ে হয়। নাসিমা তখন সপ্তম শ্রেণিতে পড়তেন। রুবেল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। তা ছেড়ে দিয়ে মসজিদের ইমামতি শুরু করেছিলেন। সব ছেড়ে চার-পাঁচ মাস আগে তিনি ব্যবসা করার সিদ্ধান্ত নেন। নওগাঁয় রুবেলের বোনের বাড়ি রয়েছে। তিনি নওগাঁ জেলা সদরে প্লাস্টিকসামগ্রীর দোকান করার সিদ্ধান্ত নেন। পরে তাঁর মেয়ের কাছে যৌতুক দাবি করলে দোকান করার জন্য তিনি দুই লাখ টাকা দেন। এর আগেও দুই দফায় রুবেলকে ৭০ হাজার টাকা দিয়েছেন। নওগাঁয় দোকান করার পরে তাঁরা সেখানেই একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁদের ছয় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। শনিবার রাত একটার দিকে নাসিমাদের ভাড়াবাড়ির মালিক তাঁকে ফোন করে জানান, তাঁর মেয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এ খবর পেয়ে তিনি ও তাঁর স্ত্রী সকালে হাসপাতালের বার্ন ইউনিটে যান। সেখানে মেয়ে তাঁদের বলেছেন, তাঁর স্বামী ব্যবসা বড় করার জন্য আরও ১০ লাখ টাকা চাইছিলেন। এ কথা নাসিমা তাঁদের জানাননি। এই ক্ষোভে রুবেল নাসিমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘরের ভেতরে আগুন বুঝতে পেরে বাড়িওয়ালা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ধাক্কাধাক্কি করলে রুবেল দরজা খুলে দেন। পরে রুবেল ও তাঁর বোনসহ স্থানীয় লোকজন নাসিমাকে প্রথমে নওগাঁ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাতেই রাজশাহীতে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে তাঁরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
নাসিমার মা মর্জিনা বেগম বলেন, তিনি এসে রুবেল এবং তাঁর বোনকে হাসপাতালে পেয়েছেন। তাঁকে দেখার পর তাঁরা পালিয়ে গেছেন।
এ ব্যাপারে একাধিকবার রুবেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।