যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে যৌতুকের জন্য এক ব্যক্তি তাঁর স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত নারীর নাম সুফিয়া আক্তার (৪০)। তাঁর স্বামীর নাম আবুল মুন্সী।
নিহত সুফিয়ার চাচা আবুল হোসেনের ভাষ্য, প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সুফিয়ার এক সন্তানসহ আবুল মুন্সীর সঙ্গে বিয়ে হয়। আবুল মুন্সী বিভিন্ন সময় সুফিয়াকে যৌতুকের জন্য চাপ দিতেন। এ নিয়ে তাঁদের মধ্যে বেশ কয়েকবার ঝগড়াও হয়েছে। সবশেষ গত শনিবার মধ্যরাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এ সময় স্ত্রীকে লাঠিপেটা করেন আবুল মুন্সী। এতে সুফিয়া গুরুতর আহত হন। তাঁকে ফেলে পালিয়ে যান আবুল মুন্সী। গতকাল রোববার সন্ধ্যার দিকে সুফিয়ার মৃত্যু হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বলেন, খবর পেয়ে সুফিয়ার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে। সুফিয়ার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। আবুল মুন্সী পলাতক। এ ঘটনায় মামলা হয়েছে।