যৌতুকের জন্য স্ত্রীর গায়ে আগুন!
গাজীপুরের টঙ্গী থানাধীন বর্ণমালা এলাকায় আজ শুক্রবার সকালে এক গৃহবধূ আগুনে দগ্ধ হয়েছেন। যৌতুকের টাকার জন্য গৃহবধূর স্বামী তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।
দগ্ধ গৃহবধূর নাম সুমি আক্তার (২১)। তাঁর স্বামী মো. স্বপন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন সুমি আক্তারের দাবি, আজ সকাল সাতটার দিকে তাঁর স্বামী স্বপন বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা যৌতুক আনতে বলেন। জবাবে তিনি বলেন, তাঁর বাবা ও ভাইয়েরা ক্ষুদ্র ব্যবসা করেন। তাঁদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। তখন ‘ওরে না মারলে টাকা আনবে না’ এমন কথা বলে তাঁর শাশুড়ি আয়েশা বেগম তাঁকে মারধরে ছেলে স্বপনকে প্ররোচিত করেন। এ সময় স্বপন একটি রড এনে তাঁকে বেধড়ক পেটাতে থাকেন। এতে তিনি নিস্তেজ হয়ে পড়েন।
সুমির দাবি, অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছে—এমন কাহিনি সাজাতে শাশুড়ি তাঁর শরীরে কেরোসিন ঢেলে দেন। তখন স্বামী স্বপন দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালেন। তাঁর চিৎকারে পাশের মহল্লায় বাবার বাড়ি থেকে ভাইয়েরা এসে তাঁকে উদ্ধার করেন।
সুমির বড় ভাই সানোয়ার হোসেনের ভাষ্য, সুমিকে উদ্ধার করে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে সুমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কতর্ব্যরত চিকিৎসা কর্মকর্তার ভাষ্য, সুমির শরীরের ৩১ শতাংই কেরোসিনের আগুনে পুড়ে গেছে। তাঁর বুক, পিঠ, কোমর দগ্ধ হয়েছে। আগুনে সুমির খাদ্যনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সানোয়ারের দাবি, ঘটনার পর সুমির শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছে। এ ঘটনায় তাঁরা একটি মামলা করবেন।