যৌতুকের জন্য স্ত্রীর গায়ে গরম ভাতের মাড়
যৌতুক না পেয়ে এক গৃহবধূর গায়ে গরম ভাতের মাড় ঢেলে শরীর ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুধু তা-ই নয়, থানা-পুলিশের ভয়ে দগ্ধ স্ত্রীকে ১০ দিন ঘরের ভেতরে আটকেও রাখা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নানাখী গ্রামে এ ঘটনা ঘটেছে।
নির্যাতিত গৃহবধূর নাম আমেনা খাতুন (৪৩)। তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের জজ মিয়ার স্ত্রী। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন আমেনা।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আমেনা দরিদ্র পরিবারের মেয়ে। তার পরও তাঁর স্বামী বিভিন্ন সময়ে তাঁর কাছে যৌতুক দাবি করে আসছিলেন। তিনি বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যে কয়েক দফা যৌতুকের টাকা এনে দিয়েছেন। এর পরও যৌতুক চান তাঁর স্বামী। সেই যৌতুক দিতে না পারায় ৭ ফেব্রুয়ারি স্বামী তাঁকে ঘরের ভেতর আটকে শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেন। এতে তাঁর শরীরের ২৫ ভাগ ঝলসে যায়। তিনি আইনের আশ্রয় নেবেন—এ ভয়ে তাঁকে ঘরের ভেতরে ১০ দিন আটক রেখে গ্রামের বাজার থেকে ওষুধ এনে দেন। এলাকাবাসী গতকাল সকালে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থাতেই আমেনা তাঁর স্বামীসহ চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সোনারগাঁ থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, গৃহবধূর স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।