যৌতুকের জন্য স্ত্রীর গায়ে আগুন লাগানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালুতে শম্পা বেগম (২০) নামের এক গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। স্থানীয় লোকজন গৃহবধূর স্বামী হৃদয় হোসেনকে (২৬) আটক করে কাহালু থানায় সোপর্দ করেছেন। শম্পা বেগম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কাহালুর বীরকেদার ইউনিয়নের গোসাই বাঘপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে।

গৃহবধূর মা ও বাবার অভিযোগ, যৌতুকের কারণে তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা প্রায়ই শম্পাকে নির্যাতন করতেন। আটক হৃদয় হোসেন পেশায় মিনিট্রাকের চালক।

গতকাল শুক্রবার সকালে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার সময় শম্পা বেগম জানান, রাতে স্বামীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একসময় শম্পা ঘুমিয়ে পড়েন। আগুনের তাপে শম্পার ঘুম ভেঙে যায়। এ সময় তিনি দেখতে পান, তাঁর কাপড়ে আগুন ধরেছে। তাঁর চিৎকার শুনে বাড়ির সদস্যরা ঘরে ঢুকে আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে শম্পার শরীরের কয়েকটি স্থান আগুনে পুড়ে যায়। অসুস্থ অবস্থায় তাঁকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদয় হোসেনের বাবা ছুইমুল্লাহ প্রামাণিক যৌতুকের জন্য নির্যাতনের কথা অস্বীকার করেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, থানায় কেউ কোনো অভিযোগ করেননি। তবে গৃহবধূর স্বামী হৃদয়কে আটক করা হয়েছে।